টানা তৃতীয়বারের মতো বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন বামপন্থী নেতা ইভো মোরালেস। বুথ ফেরত ভোটারদের কাছ থেকে এমন আভাস পাওয়া গেছে।

দেখা গেছে, তিনি ৬০ শতাংশেরও বেশি ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধনী সিমেন্ট ব্যবসায়ী স্যামুয়েল দোরিয়া মেদিনাকে পরাজিত করতে যাচ্ছেন। ইভো মোরালেস হলেন দেশটির প্রথম আদিবাসী প্রেসিডেন্ট। শূন্য থেকে নিজ গুণে শীর্ষে পৌঁছানোর অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

বুথ ফেরত ভোটারদের কাছ থেকে পাওয়া তথ্য প্রকাশিত হওয়ার পর লাপাজের রাস্তায় নেমে উৎসব করতে থাকেন মোরালেসের হাজার হাজার সমর্থক। তারা মোরালেসের ভাষণ শুনতে ছুটে যান প্রেসিডেন্ট প্রাসাদে।

মোরালেস তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, এটা উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জয়। কিউবা, ভেনিজুয়েলা ও ইরানের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তার তিক্ততার সম্পর্ক রয়েছে।

তিনি তার বিজয়কে লাতিন আমেরিকার দেশ কিউবার বামপন্থী নেতা ফিদেল কাস্ত্রো, ভেনিজুয়েলার নেতা হুগো শ্যাভেজ এবং বিশ্বের সব ‘সাম্রাজ্যবাদ-বিরোধী ও পুঁজিবাদবিরোধী’ নেতার উদ্দেশ্যে উৎসর্গ করেছেন।

মাদকের দোহাই দিয়ে কোকো চাষের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রচারের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ ছিলো ইভো মোরালেসের। তখনই ইউনিয়ন নেতা হিসেবে তার উত্থান। তার নেতৃত্বে কোকো চাষিরা আন্দোলন গড়ে তোলেন। বলিভিয়ার অনেকে কোকো পাতা পানের মতো চিবিয়ে খান, আবার অনেকে এটি চা-পাতার মতো ব্যবহার করে পান করেন। তখন তিনি যুক্তি দেন, এটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ।

বুথ ফেরত ভোটারদের কাছ থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, ইভো মোরালেস দেশের নয়টি বিভাগের একটি ছাড়া সবক’টিতে জয় পেয়েছেন। তিনি দেশে ‘এল ইভো’ নামে পরিচিত।

মোরালেসের মুভমেন্ট টুওয়ার্ড সোস্যালিজম (এমএএস) পার্টি চেম্বার অব ডেপুটিজের ১৩০টি আসনের মধ্যে ১১১টি এবং সিনেটে ৩৬ আসনের মধ্যে ২৫ আসন পেতে যাচ্ছে। আংশিক সরকারি ফলাফলে দেখা গেছে, ইতোমধ্যে ৭০ শতাংশ ভোট গণনা করা হয়েছে। সোমবার মধ্যরাতের মধ্যে নির্বাচনের চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

চরম দারিদ্র্যের মধ্যে জন্ম নেয়া ইভো মোরালেস ছিলেন লামা নামের দক্ষিণ আমেরিকার এক ধরনের প্রাণীর রাখাল। তিনি গান গাইতেন, ফুটবল খেলতেন আর ছিলেন কোকো চাষি।

ইভো মোরালেসের বিগত শাসনামলে উন্নয়নমুখী অনেক নীতি গ্রহণ করার কারণে দেশটিতে অর্থনৈতিক সমৃদ্ধি এসেছে। ৬৫ শতাংশ আদিবাসীর দেশ বলিভিয়ায় বিশ্বের সবচেয়ে উঁচু কেব্ল কার চলাচলের ব্যবস্থা করা হয়েছে ইভো মোরালেসের শাসনামলে। দেশের প্রথম স্যাটেলাইটও উৎপেক্ষণ হয়েছে তার আমলেই। ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণে অগ্রগতিও হয়েছে অনেকটা। এর ওপর ভর করেই ৫৪ বছর বয়সী ইভো মোরালেস গত রোববারের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

২০০২ সালে ইভো মোরালেস প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন। তবে সেবার হেরে যান তিনি। ২০০৫ সালের নির্বাচনে তিনি ৫৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন।

এসএমএ