জম্মু-কাশ্মীরে সৃষ্ট অচলাবস্থায় উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে ভারত-পাকিস্তানকে সহনশীলতা প্রদর্শনের আহবান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

বিবৃতিতে কাশ্মীর উপত্যকা বিষয়ে জাতিসংঘের অবস্থানও ব্যাখ্যা করেছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র। বিবৃতিতে বলা হয়, জম্মু ও কাশ্মীরের মর্যাদা ক্ষুণ্ণ করে এমন কোনো পদক্ষেপ না নিতে ভারত ও পাকিস্তানকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।

পাশাপাশি জম্মু ও কাশ্মীর বিষয়ে জাতিসংঘের অবস্থান তার সনদ ও নিরাপত্তা পরিষদে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হয় বলেও বিবৃতিতে বলা হয়।

জম্মু ও কাশ্মীরকে একটি বিশেষায়িত স্বায়ত্বশাসনের অধিকার দেওয়া ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ৫ আগস্ট রদ করে ভারতের ক্ষমতাসীন জাতীয়তাবাদি দল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার।

মুসলিম অধ্যুষিত কাশ্মীর উপত্যকার রাজনৈতিক ভবিষ্যত কী হবে সে সিদ্ধান্ত ওই অঞ্চলের প্রশাসন ও জনগণ নিজেরাই নেবে, এ মর্মে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একাধিকবার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ মুহুর্তে পৃথিবীর সবচেয়ে সামরিকায়িত এলাকা হচ্ছে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর। সেখানকার মার্কেট, শিক্ষাপ্রতিষ্ঠান সবকিছু বন্ধ এবং চারজনের বেশি লোকের কোথাও সমবেত হওয়া নিষিদ্ধ। এমনকি স্থানীয় নেতারাও আটক হয়ে আছেন।

গত মঙ্গলবার সংসদে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সমাপ্ত করার একটি প্রস্তাব পাস করেছে বিজেপি সরকার। ওই রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল : জম্মু ও কাশ্মীর এবং লাদাখে বিভক্ত করার একটি বিলও পাস করানো হয়েছে।

জেড