ভারতের উত্তরপ্রদেশে একের পর এক জেলায় ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল দশা রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকারের। ফিরোজাবাদ জেলার অবস্থা সবচেয়ে করুণ।
সোমবার পর্যন্ত সরকারি হিসাবে, শুধু ফিরোজাবাদেই মৃত্যু হয়েছে ১১৪ জনের। তার মধ্যে ৮৮টি শিশু। সরকারি হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যাসঙ্কট। বিরোধীদের অভিযোগ, সরকারি হাসপাতালগুলোতে উপযুক্ত পরিকাঠামো নেই। কার্যত বিনা চিকিৎসায় প্রাণ হারাচ্ছে রোগীরা। ফিরোজাবাদ জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, ডেঙ্গু মোকাবেলায় তারা চেষ্টার ত্রুটি রাখছেন না। ৯৫টি স্বাস্থ্যশিবির করা হয়েছে।
সরকারি হাসপাতালে শয্যার অভাব, সেই সুযোগে বেসরকারি হাসপাতালগুলো মোটা অঙ্কের অর্থ চাইছে বলে অভিযোগ উঠেছে। শুধু ফিরোজাবাদ নয়, আগ্রা, মথুরা, মৈনপুরীর মতো জেলাগুলোতেও ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। সাধারণ মানুষ থেকে বিরোধী দলগুলোর অভিযোগ, হাসপাতালগুলোতে শয্যার অভাব। নেই চিকিৎসাব্যবস্থা। উদাসীন বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার।





