পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন নরেন্দ্র মোদি। পাঁচটি এজেন্ডা নিয়ে মোদি ও নওয়াজের মধ্যে আলোচনা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সন্ত্রাসের বিষয়টি। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত ৫০ মিনিটের ওই বৈঠকে উভয়ের মধ্যে সীমান্ত উত্তেজনা, ২০১১ সালের মুম্বাই হামলাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের পরপরই সাংবাদিকদের দেওয়া বক্তব্যে নওয়াজ জানান, উভয়ের মধ্যে একটি চমৎকার ও ইতিবাচক আলোচনা হয়েছে। এ সময় উভয় নেতাই সন্ত্রাস বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন বলে জানা গেছে। এ ছাড়া উভয়ের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির ব্যাপারেও আলোচনা হয়েছে। এর আগে গত সোমবার মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছেন নওয়াজ। সেখানে পৌঁছেই তিনি দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন। মোদির সঙ্গে বৈঠকের আগে নওয়াজ শরীফ দেশটির প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে নওয়াজের। এদিকে নওয়াজের সঙ্গে বৈঠক করার আগে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ্র রাজাপাকসের সঙ্গে বৈঠক করেন মোদি। সূত্র: এনডিটিভি [b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]