পাকিস্তানের ওয়াগা সীমান্ত এলাকায় আত্মঘাতী বোমা হামলার পর সোমবার নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে স্থল সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে গেছে।

ভারতের আত্তারি এলাকার শুল্ক কর্মকর্তারা জানান, রোববারের বিস্ফোরণে ৬০ জন নিহত ও শতাধিক আহত হওয়ার পর সোমবার উভয় দেশের মধ্যে সব ধরণের বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ রয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত ফটক থেকে মাত্র ৫০০ মিটার দূরে ওয়াগা এলাকায় এ বিস্ফোরণ ঘটে। তারা জানান, আরো দু’দিন বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ থাকতে পারে।

ফলমূল ও শাকসবজিসহ পণ্যবাহী উভয় দেশের শতশত ট্রাক সীমান্ত এলাকায় ঠাঁয় দাঁড়িয়ে রয়েছে। বিস্ফোরণের পর ভারতের নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

বিস্ফোরণের পর পাকিস্তানের অনুরোধে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ও পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনী (রেঞ্জার্স)'র মধ্যে একটি সামরিক অনুষ্ঠানও তিন দিন স্থগিত রাখা হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক মুস্তাক আহমেদ সুখেরা বলেন, রোববার সন্ধ্যা ৫ টা ৫০ মিনিটে ১৮ বছর বয়সী এক সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়।

প্রতিদিন সন্ধ্যায় ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা নামানোর দৃশ্য দেখার জন্য শত শত মানুষ ভিড় জমায় ওয়াগা সীমান্তে। রোববার সেই দৃশ্য দেখার সময়ই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

সশস্ত্র সংগঠন জুনদাল্লাহ এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সহযোগী সংগঠন জামাত-উল-আহরার পৃথকভাবে হামলার দায়িত্ব স্বীকার করেছে।

এসএমএ