ইউক্রেনের পূর্বাঞ্চলে ভয়াবহ সংঘাত বন্ধে রাশিয়া ও ইউক্রেনের নেতার মধ্যে আলোচনা দৃশ্যত কোন অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। এদিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সীমান্তের ভেতর রুশ সেনাদের ঢুকে পড়ার বিষয়ে বলেন, সীমান্তে টহল দেয়ার সময় রুশ সেনারা ইউক্রেনের সীমানায় ঢুকে পড়তে পারে।

ইউক্রেনে রুশ সৈন্য ঢুকে পড়েছিল এমন কথা মস্কো স্বীকার করার পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ায় ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তাদের মধ্যস্থতায় ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেনকো ও পুতিন মিনস্কে আলোচনায় বসেন।

পোরোশেনকো বলেন, আলোচনায় কিছু ক্ষেত্রে সামান্য অগ্রগতি হলেও সরকারি বাহিনী ও রাশিয়াপন্থী যোদ্ধাদের মধ্যে চারমাস ধরে চলা সংঘাত নিরসনে সহায়তার ব্যাপারে সমঝোতার কোন ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। ফলে এটিকে কেন্দ্র করে প্রতিবেশী এ দু’দেশের মধ্যে যুদ্ধ বেধে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।

এদিকে রাশিয়ার নেতা বলেন, শান্তি প্রক্রিয়াকে সহযোগিতা করতে তিনি প্রয়োজনীয় ‘সবকিছু’ করবেন।

তবে তিনি ইউক্রেন সীমান্তে ১০ রুশ সৈন্যের ঢুকে পড়ার বিষয়টিকে গুরুত্ব না দিয়ে এক্ষেত্রে উত্তেজনা কিছুটা জিইয়ে রাখলেন বলে মনে করা হচ্ছে। তিনি বলেন, ইউক্রেন সীমান্তে রুশ সৈন্যের ঢুকে পড়ার বিষয়টি ছিল নিছক দুর্ঘটনা।

পুতিন বলেন, ইউক্রেন সীমান্তে ১০ সৈন্য আটক হওয়ার ব্যাপারে আমি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কোন খবর পাইনি। তবে আমি শুনেছি সীমান্তে টহল দেয়ার সময় তারা ইউক্রেন সীমান্তে ঢুকে পড়ে। তিনি আরো বলেন ইউক্রেনের সৈন্যরাও এর আগে রাশিয়া সীমান্তে ঢুকে পড়েছিল।

আমি আশা করছি, এ ব্যাপারে ইউক্রেন কোন সমস্যা করবে না।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ