ক্রিমিয়ার একটি তাতার টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেয়া হয়েছে। এ নিয়ে তীব্র বিতর্ক জন্ম নিয়েছে। কিয়েভ দুষছে মস্কোকে। বলছে, রাশিয়া অ-রুশ জাতিসত্ত্বাকে দাবিয়ে রাখার প্রকল্প হিসেবে এ কাজ করেছে।

তাতার টেলিভিশন চ্যানেলটির নাম এটিআর। এটিআরের দাবি- ক্রিমিয়া ও তার বাইরে এ চ্যানেলটির দর্শক সংখ্যা চল্লিশ লাখেরও অধিক। এপ্রিলের ১ তারিখ মধ্যরাতে এটির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। কারণ হিসেবে নীতিমালা ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে।

বর্তমানে, ক্রিমিয়ায় গণমাধ্যমের সম্প্রচার অক্ষুণ্ন রাখার জন্যে রাশিয়ার গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা রসকমনাদজর-এর অনুমোদন প্রয়োজন হয়। এটিআর পূর্বে কিয়েভের অনুমোদিত গণমাধ্যম ছিল। ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পর প্রাথমিকভাবে ঐ কূটনৈতিক সিদ্ধান্তের বিরোধীতা করলেও, পরে রসকমনাদজরের অনুমোদনের জন্যে চারবার আবেদন করে প্রতিষ্ঠানটি।

প্রত্যেকবার রুশভিত্তিক প্রতিষ্ঠানটি এটিআর-এর আবেদন বাতিল করে দেয় আবেদনপত্র ত্রুটিপূর্ণ দেখিয়ে। শেষেমেষ চ্যানেলটি বন্ধই করে দেয়া হয়। বৈধ মামলায় চ্যানেলটি হেরে গেলে তাদেরকে প্রায় ৭০ লাখ টাকা জরিমানা গুণতে হতে পারে।

ক্রিমিয়ায় বসবাসরত তুর্কি বংশোদ্ভূত তাতার জনগোষ্ঠী কৃষ্ণ সাগরের বুকে আদিবাসী হিসেবে পরিচিত। ২০ লাখ জনগোষ্ঠীর প্রদেশ ক্রিমিয়ায় এদের সংখ্যা প্রায় ৩ লাখ। মুখের ভাষা তুর্কি। ২০১৪ সালের মার্চ মাসে ক্রিমিয়া রাশিয়ার অংশ হলে এই আদিবাসী গোষ্ঠীটি তার বিরোধীতা করেছিল। তারা কিয়েভের প্রতিই অধিক আস্থাশীল ছিল।

লিথুনিয়ায় বক্তব্য রাখতে গিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু এ বিষয়টি সম্পর্কে মন্তব্য করেন। তিনি রসকমনাদজরের এ কর্মকাণ্ডকে তুর্কিভাষীদের অধিকারহরণ হিসেবে দেখছেন। রসকমনাদজর এখনও অব্দি কোনো মন্তব্য করেনি।

জেআই