নিউ ইয়র্কে ডেমোক্র্যাটিক প্রাইমারির দিনক্ষন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনী উত্তাপ বাড়ছে শহরটিতে। এই উত্তাপের অংশ হিসেবে শনিবার নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশি বার্নি সেন্ডারসকে সমর্থন জানালো বাংলাদেশী আমেরিকান এডভোকেসি গ্রুপের ব্যানারে শতাধিক বাংলাদেশী।
মাত্র তিন মাস আগেও বাংলাদেশী কমিউনিটিতে বার্নি সেন্ডারস নামটি অপরিচিত থাকলেও এখন বাংলাদেশী অধ্যুষিত এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন হিলারির প্রতিদ্ধন্ধি বার্নি সেন্ডারস।
একজন জুইস হওয়া স্বত্ত্বেও মুসলিমদের প্রতি তার কমিটমেন্ট, ইমিগ্রান্ট কমিউনিটির প্রতি তার সহানূভূতি ও পরিকল্পনা সর্বোপুরি আয়ের মানুষের সমস্যাগুলো সেন্ডারস অত্যন্ত সাহসের সাথে তুলে ধরতে পেরেছেন বলে তার নির্বাচনী পালে হাওয়া লেগেছে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশীরা।
বার্নি সেন্ডারসকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রাক্কালে বাংলাদেশী আমেরিকান এডভোকেসি গ্রুপের সভাপতি ইঞ্জিনিয়ার কামাল ভূইয়া বলেন, বাংলাদেশী আমেরিকান এডভোকেসি গ্রুপ কয়েকটি কারণে বার্ণি সেন্ডারসকে সমর্থন করছে। প্রথমত; তিনি আমাদের মতো ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর অধিকারগুলোকে স্বীকৃতি দেবার কথা বলেছেন। বিশেষ করে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে তার শক্ত অবস্থানের কথা জানান দিয়েছেন।
দ্বিতীয়ত; বার্ণি সেন্ডারসের প্রতিদ্ধন্ধী হিলারি ক্লিনটনে নির্বাচনী ফান্ডে অর্থ সহায়তা দিচ্ছেন ওয়াল ষ্ট্রীটসহ কর্পোরেট হাউজগুলো। পক্ষান্তরে বার্ণি সেন্ডারস আমার মতো ক্ষুদ্র মানুষের অর্থে প্রতিদ্ধন্ধিতা করছেন। বিশিষ্ট মানবাধিকার কর্মী ও আইনজীবি সোমতলি হক বলেন, বার্ণি সেন্ডারসই হচ্ছেন এবারের নির্বাচনে একমাত্র প্রার্থী যিনি জানতে চেয়েছেন আমাদের মতো বাংলাদেশী কমিউনিটির একজন প্রেসিডেন্ট এর কাছে কি চাইবার আছে।
এছাড়া তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে আগত রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। তাছাড়া সকলের জন্য বিনামূল্যে উচ্চশিক্ষা ও শ্রমিকের মজুরি ইস্যুতে তিনি আমাদের পক্ষে অবস্থান নিয়েছেন। সুতরাং সার্বিক বিবেচনায় প্রাইমারিতে আমি তাকেই ভোট দিব। কমিউনিটি এক্টিবিস্ট শাহানা মাসুম বলেন, বার্ণি সেন্ডারস কোনো ধর্মকে ছোট করে কাজ করছেন না, তিনি সকল ধর্মকে সম্মান দেখিয়ে কাজ করছেন। কিন্তু অন্য প্রার্থীদের মধ্যে তা কম দেখা যাচ্ছে। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের কার্যক্রম, তাঁর ধর্মীয় বিশ্বাস আমাদের মুসলমানদের সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে।
হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ফর বাংলাদেশ এর সভাপতি মাহতাব উদ্দিন আহম্মেদ বলেন, বার্নি সেন্ডারস স্বল্প আয়ের মানুষের অধিকারের বিষয়ে কাজ করার অঙ্গীকার করেছেন। তিনি ইরাক যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছেন। তাই আমি তাকে সমর্থন করছি।
বাংলাদেশী আমেরিকান আমেরিকান এডভোকেসি গ্রুপের সেক্রেটারি জয়নাল আবেদিন বলেন, আমরা দীর্ঘ দিন ধরে যে ইস্যুগুলোকে নিয়ে কাজ করছি বিশেষ করে ধর্মীয় স্বাধীনতা , সামাজিক অবিচার এসব বিষয়ে তিনি আমাদের ইস্যুগুলোকে সমর্থন করছেন। এজন্যই আমরা আমাদের সংগঠনের ব্যানারে বার্ণি সেন্ডারসকে সমর্থন করছি। এতে অনেক মুসলিম কমিউনিটি এক্টিভিস্ট সমর্থন জানাচ্ছেন।
উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। নির্বাচনী জরিপগুলোর প্রাপ্ত তথ্যে বার্ণি সেন্ডারস হিলারি ক্লিনটনের কাছাকাছি অবস্থানে রয়েছেন বলে জানা গেছে। নিউ ইয়র্কের প্রাইমারিতে বার্ণি সেন্ডারস জয়ী হতে পারলে হিলারির প্রেসিডেন্ট পদপ্রার্থী হবার বিষয়টি অনেকটাই ঝুলে যাবে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষকরা। সূত্র: নয়াদিগন্ত।
ইআর





