ইরানের সঙ্গে ইসরাইলের সামরিক সংঘাতের ঝুঁকি সৃষ্টি হলে আমেরিকা তেল আবিবের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।

ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু আলোচনায় ক্ষুব্ধ ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে যখন হোয়াইট হাউজ সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে তখন এ মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার রাতে ওয়াশিংটনে এক বক্তৃতায় তিনি বলেন, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি সই করার একই সময়ে আমরা ইসরাইল এবং অন্যান্য আঞ্চলিক মিত্র দেশের সঙ্গে সহযোগিতা আরো জোরদার করছি।

তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধের পরিধি ও ব্যাপ্তির ব্যাপারে আগেভাগে কিছু বলা যাবে না। তবে যদি প্রয়োজন হয় এবং ইরান যদি পরমাণু বোমার পেছনে ছোটে তাহলে আমেরিকা যেকোনো ঝুঁকি নিতে প্রস্তুত।

ইরান সামরিক উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি পরিচালনা করছে বলে ইসরাইল ও আমেরিকা অভিযোগ করে আসছে। তবে ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে বলেছে, আন্তর্জাতিক আইনের ওপর ভিত্তি করে সেদেশের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালিত হচ্ছে।
এছাড়া, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনটিপির সদস্য হিসেবে ইরান এই অধিকার পাওয়ার যোগ্য।

জো বাইডেন আরো বলেন, ইসরাইলের নিরাপত্তার জন্য অতীতের যেকোন মার্কিন প্রেসিডেন্টের তুলনায় বারাক ওবামা সবচেয়ে বেশি কাজ করেছেন এবং এই নীতির কোনো পরিবর্তন হবে না।

এর আগে গত মাসে অন্য এক বক্তৃতায় জো বাইডেন বলেছিলেন,‘আমেরিকা ও ইসরাইল একই পরিবারের সদস্য। আমাদের মধ্যে অনেক কথাই আদান প্রদান হয়। মাঝে মধ্যে আমাদের মধ্যে সম্পর্কে তিক্ততা সৃষ্টি হলেও আমরা একে অপরকে ভালবাসি এবং একে অন্যকে রক্ষা করবো।’রেডিও তেহরান

ইআর