১৯৬৭ সালের সীমানা মেনে দুই রাষ্ট্রের প্রস্তাবে সম্মত হওয়ার বিষয়টি অস্বীকার করেছে নেতানিয়াহুর অফিস। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৃহস্পতিবার দাবি করেন যে, ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী দুই রাষ্ট্র গঠনের বিষয়টি মেনে নিতে সম্মত হয়েছে ইসরাইল। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।
ইসরাইলি পত্রিকা হারেৎজে প্রকাশিত এক বিবৃতিতে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস জানায়, 'এ ধরনের সিদ্ধান্ত কখনও নেয়া হয়নি।'
বৃহস্পতিবার ফিলিস্তিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক টেলিবার্তায় আব্বাস বলেন, "আমরা প্রত্যেক দেশের (ইসরাইল ও ফিলিস্তিন) সীমানা কী হবে তা জানতে চাই। ইসরাইল হচ্ছে বিশ্বের একমাত্র দেশ, যার নির্দিষ্ট কোন সীমানা নেই।"
ফিলিস্তিনিরা ১৯৬৭ সালের পূর্বের সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে চায়। ইসরাইলের সাথে স্থায়ী শান্তি চুক্তির ভিত্তিতে এই রাষ্ট্র গঠন করতে চায় তারা। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





