আন্তর্জাতিক ঋণ দাতাদের শর্তের ওপর রোববার গণভোটের আগে গ্রিসের রাজধানীতে প্রতিদ্বন্দ্বী দুটি পক্ষ বড় ধরণের সমাবেশ করার ঘোষণা দিয়েছে।

গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপরাস ‘না' ভোটের সমর্থনে একটি সমাবেশে হাজির থাকবেন বলে ধারণা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা হুঁশিয়ার করেছেন, ‘না' ভোট জয়ী হওয়ার অর্থ হল গ্রিসের ইউরোজোন থেকে বেরিয়ে যাওয়া।

গ্রিস নতুন করে তহবিল পেতে ব্যর্থ হওয়ার পর দেশটির অর্থনীতি ইতোমধ্যে সংকুচিত হয়ে গেছে। ব্যাংকগুলো এক সপ্তাহের জন্য বন্ধ করে দেয়া হয়েছে এবং এ সময়ে এটিএম বুথ থেকে মাত্র ৬০ ইউরো করে তোলা যাবে।

আন্তর্জাতিক ঋণ দাতাদের সঙ্গে কয়েক মাস ধরে গ্রিসের অচলাবস্থা চলছে। তবে গত সপ্তাহে আন্তর্জাতিক ঋণদাতাদের শর্তের ওপর গণভোটের ডাক দেয়া হয়। ইতোমধ্যে গণভোটের পক্ষ-বিপক্ষ তৈরি হয়েছে। সময় যতই গড়াচ্ছে উভয় পক্ষ নিজেদের দিকে ভোটার টানতে তৎপর রয়েছে। গণভোটের পক্ষে-বিপক্ষে ‘হ্যাঁ' ও ‘না' ভোটের পোস্টার লাগানো হয়েছে।

গণভোট নিয়ে এথেন্স পত্রিকা শুক্রবার এক জনমত জরিপ চালায়। এতে দেখা যায় ‘হ্যাঁ' ও ‘না' র পক্ষে প্রায় সমান সমান ভোটার রয়েছে। হ্যাঁ এর পক্ষে ৪৪ দশমিক ৮ শতাংশ ও না এর পক্ষে ৪৩ দশমিক ৪ শতাংশ ভোট পড়ে।

তবে প্রচারণা সত্ত্বেও শেষ পর্যন্ত গণভোট স্থগিত হয়ে যেতে পারে এমন সুযোগও আছে।

গ্রিসের শীর্ষ আদালত কাউন্সিল অব স্টেট রোববারের গণভোটের বৈধতা নিয়ে রুল জারি করবে।

গ্রিসের প্রধানমন্ত্রী সিপরাস বলেছেন, একটি শক্তিশালী না ভোট আন্তর্জাতিক ঋণদাতাদের সঙ্গে একটি ভাল চুক্তির পথ ত্বরান্বিত করবে।

তিনি বলেন, ‘হ্যাঁ ভোট জয়ী হলে ব্যাংক খুলবে। তবে তা স্থিতিশীল হবে না। তবে কোন ভয় বা চাপ থেকে নয়, স্বতস্ফূর্তভাবে গ্রিসের জনগণ সিদ্ধান্ত নিলে আমাদের তার প্রতি সম্মান দেখাতে হবে।’

তিনি বলেন,‘আর যদি না ভোট জয়ী হয়, তাহলে আমি নিশ্চিত করে বলছি, চুক্তি হবে।’

তবে ইউরোজোনের নেতারা হুঁশিয়ার করেছেন, ‘না’ ভোট জয়ী হওয়ার অর্থ হল গি্েরসর ইউরোজোন থেকে বেরিয়ে যাওয়া। কিন্তু সিপরাস বলেছেন, গ্রিস তা চায় না।

অন্যদিকে সিপরাসের বিরোধীরা বলেছেন, তিনি ভুল করছেন বলে তাদের বিশ্বাস।

ইউরোজোন অর্থমন্ত্রীদের গ্রুপের প্রধান বলেছেন, গণভোটের পক্ষে সিপরাসের অবস্থান ‘নিছক ভুল’।

তবে গ্রিসের অর্থমন্ত্রী ইয়ানিস ভারৌফাকিস বলেছেন, গণভোটের পরপরই একটি চুক্তির ব্যাপারে তিনি আশাবাদী। এছাড়া মঙ্গলবার ব্যাংকগুলোও খুলে দেয়া হবে।

জেডআই