ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মশি ইয়ালন বলেছেন, তিনি বিশ্বাস করেন না ফিলিস্তিনের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তি সম্ভব। মঙ্গলবার রাজধানী তেলআবিবের পাশে অনুষ্ঠিত একটি বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
গত বছর দুই পক্ষের (ইসরায়েল ও ফিলিস্তিন) মধ্যে শান্তি আলোচনা ভেঙ্গে যাওয়ার পর ইসরায়েলি মন্ত্রিসভার উচ্চ পর্যায়ের একজন সদস্যের এ মন্তব্যকে সবচেয়ে হতাশাজনক মূল্যায়ন বলে মনে করা হচ্ছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ এ মন্ত্রী অভিযোগ করে বলেন, গত ১৫ বছর ধরে ‘ভূমির জন্য শান্তি চুক্তি’ প্রত্যাখ্যান করে ফিলিস্তিনিরা আলোচনার দুয়ার বন্ধ করে রেখেছে। তিনি বলেন, ‘আমি মনে করি না, আমার জীবদ্দশায় ফিলিস্তিনের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তি সম্ভব।’
তবে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) কর্মকর্তা ওয়াসেল আবু ইউসুফ মশির বক্তব্য প্রত্যাখ্যান করে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, নেতানিয়াহুর প্রশাসন আলোচনার চূড়ান্ত পথ বন্ধ করতেই এ ধরনের দোষারোপ করছে। ২০১৪ সালের এপ্রিল মাসে দু’পক্ষের মধ্যে শান্তি আলোচনা ভেঙ্গে যায়।
এসএইচ





