ইয়েমেনের একটি প্রাদেশিক রাজধানী কয়েক ঘণ্টার জন্য দখল করে নিয়েছিল আল কায়েদা। শুক্রবার দিবাগত রাতে দক্ষিণাঞ্চলীয় লাহজ প্রদেশের রাজধানী হাউতা দখলে নেয় আল কায়েদা ইন দ্যা অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি)।
শহরটি দখলে নেয়ার সময় সেনাবাহিনীর সঙ্গে একিউএপির সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ সেনা নিহত হন বলে জানা গেছে। তবে, আল কায়েদার কোন সদস্য হতাহত হয়েছে কি না তা জানা যায়নি।
তবে, আল কায়েদার দখলে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হাউতায় অভিযান চালায় সেনাবাহিনী। হাউতা পুনরুদ্ধার অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর দুটি ব্রিগেড।
হাউতা শহরটি ইয়েমেনের সবচেয়ে বড় সামুদ্রিক বন্দর এডেন থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। এডেন শহরে এখন অবস্থান করছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশটির প্রেসিডেন্ট আব্দুরাব্বু মানসুর হাদী। মানসুর হাদীর বাসভবন লক্ষ্য করে গত বৃহস্পতিবার অজ্ঞাত যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালানো হয়। তবে, ধারণা করা হচ্ছে শিয়া হুথি সমর্থক পাইলটরা এই হামলা চালান।
উল্লেখ্য, ইয়েমেনের রাজধানী সানায় গতকাল শুক্রবার দুটি মসজিদে তিনটি আত্মঘাতী বোমা হামলায় ১৩৭ জন নিহত হন। হামলাগুলো চালানো হয় হুথি শিয়াদের মসজিদে।
এমএ





