ইয়েমেনের রাজধানী সানার দু'টি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৭ জনে দাঁড়িয়েছে। হামলায় ৩০০ জনের বেশি আহত হয়। ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
জানা যায়, মুসল্লিরা শুক্রবার জুমার নামাজের জন্য জড়ো হওয়ার সময় এ হামলা চালানো হয়। সানার দক্ষিণাঞ্চলে বদর মসজিদে ও উত্তর দিকে অবস্থিত আল-হাসুস মসজিদে চারটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।
বদর মসজিদে প্রথমে একজন আত্মঘাতী হামলাকারী ভেতরে ঢুকে নিজেকে উড়িয়ে দেয়। দ্বিতীয় হামলাকারীকে গেটের কাছ থেকেই ধরে ফেলা হয়। সেখানেই হামলাকারী বিস্ফোরণ ঘটায়।
নিহতদের মধ্যে বদর মসজিদের প্রধান ইমাম আল-মুর্তাবা বিন জায়েদ আল-মাহাতওয়ারি রয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। অন্যদিকে আল-হাসুস মসজিদে আরও দুটি হামলা চালানো হয়।
জাইদি শিয়া নেতৃত্বাধীন হাউথি বিদ্রোহীদের সমর্থকরাই ওই মসজিদ ব্যবহার করে। সানার নিয়ন্ত্রণও নিয়েছে ওই হাউথি বিদ্রোহীরা।
বেশ কয়েক বছর ধরেই ইয়েমেনে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। হাউথি বিদ্রোহীরা দেশটির ২১টি প্রদেশের মধ্যে ৯টির নিয়ন্ত্রণ নিয়েছে। সূত্র : বিবিসি
এআর





