আফগানিস্তানে একটি বাসে আত্মঘাতী বোমা বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন। জখম হয়েছেন আরও অন্তত ১৩ জন।

বুধবার রাজধানী কাবুলে এই হামলা চালিয়েছে জঙ্গিরা। হতাহতদের অধিকাংশই সেনাবাহিনীর কর্মকর্তা। কোনও জঙ্গি সংগঠন এখনও এই হামলার দায় স্বীকার করেনি। তবে তালিবানরা এর পিছনে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

সকালে কাবুল বিশ্ববিদ্যালয় থেকে ঢিল ছোঁড়া দূরত্বে নিরাপত্তা বাহিনীর একটি গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী। শহরের পুলিশের প্রধানের একজন মুখপাত্র হাসমত স্টেনেকজাই জানিয়েছেন, নিহতদের মধ্যে অন্তত পাঁচজন বিমান বাহিনীর অফিসার। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গেছে।

এদিকে দক্ষিণাঞ্চলের হেলমন্ড প্রদেশের স্যাঙ্গিন জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে।

চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করেছে আমেরিকা। তার আগে দেশে তালিবানি নাশকতা বৃদ্ধির ঘটনায় আশঙ্কিত সাধারণ মানুষ।

ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই