জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান নাভি পিল্লাই বলেছেন, গাজায় চলমান আগ্রাসনে ইচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক আইন পদদলিত করে যুদ্ধপরাধ করছে ইসরাইল। জেনেভায় বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ ছাড়া তিনি হামাসেরও কিছু সমালোচনা করেছেন।

নাভি পিল্লাই বলেন, গাজায় স্কুল, হাসপাতাল, ঘরবাড়ি এবং জাতিসংঘ স্থাপনাসহ বেসামরিক মানুষ বসবাসকারী এলাকায় হামলা করে তেল আবিব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এ জাতীয় হামলা ঘটনাক্রমে হয়নি বলে উল্লেখ করেন তিনি।

প্রতিদিন কিছু সময়ের জন্য মানবিক কারণে গাজায় যুদ্ধের বিরতি দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, তা হলে পানি ও খাদ্য যোগাড়ের অবকাশ পাবেন ফিলিস্তিনিরা।

এ ছাড়া, গাজার বিদ্যুৎ প্লান্ট, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, পানির কুপগুলোর ওপর ইসরাইলি হামলার তীব্র নিন্দা করে নাভি পিল্লাই বলেন, ২০০৯ সালের গাজা যুদ্ধের সময়ও একই কাজ করেছে ইসরাইল। গাজায় এখন যা ঘটছে তা আগেও ঘটেছে এবং গাজা যুদ্ধ সংক্রান্ত তদন্ত কমিটি ইসরাইলের এ জাতীয় তৎপরতাকে যুদ্ধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে উল্লেখ করেছে।

তার কঠোর সমালোচনা থেকে রেহাই পায়নি ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের গোলার আঘাত থেকে ফিলিস্তিনিদের রক্ষা করার বদলে তেল আবিবের আয়রন ডোম উন্নয়নে অর্থ ঢালছে আমেরিকা।

ঢাকা, ০১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেবি