ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

হামাস নেতা খালেদ মাশাল তিউনিশিয়ার রাজধানী তিউনিসে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময়ে এ সম্ভাবনা নাকচ করে দেন।

তিনি জানান, ইসরাইলি দখলদারদের সঙ্গে সরাসরি আলোচনার কোনো কর্মসূচি হামাসের নেই। একান্তই যদি কোনো আলোচনা করতে হয় তবে তা হবে পরোক্ষ বলেও এ সময়ে জানান তিনি।

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনার জন্য হামাসকে চাপ দেয়া হচ্ছে বলে এ প্রতিরোধ আন্দোলনের শীর্ষ স্থানীয় নেতা মুসা আবু মারজুক ঘোষণা করার একদিন পরই এ কথা বললেন খালেদ মাশাল। সূত্র: আইআরআইবি

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ