শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিপাতের পর সৃষ্ট ভয়াবহ ভূমিধসে অন্তত ১০ জন নিহত ও তিন শতাধিক নিখোঁজ রয়েছেন। ভূমিধসে বিধ্বস্ত হয়েছে প্রায় ১৪০টি বাড়ি। দেশটির মধ্যাঞ্চলীয় বাদুল্লাহ জেলায় এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি ও রয়টার্সের।
টানা কয়েকদিন প্রবল বৃষ্টিপাতের পর বুধবার ভূমিধসের এ ঘটনা ঘটে। নিখোজদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দলগুলো। দশজন নিহত ও ৩০০ জনেরও বেশি নিখোজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র শরৎ কুমারা।
উদ্ধার তৎপরতায় প্রায় ৫০০ সেনা সদস্য অংশ নিয়েছেন। ভারী যন্ত্রপাতি নিয়ে তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলে টুইটারে টুইট করেছেন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাক্কে। তবে, স্থানীয় পার্লামেন্ট সদস্য উদিথ লুকুবানদারা জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
উদ্ধার তৎপরতায় অংশ নেয়া মেজর জেনারেল মানো পেরেরা জানিয়েছেন, কিছু কিছু বাড়ি ৩০ মিটার কাদার নিচে ঢেকে গেছে।
স্থানীয় এক ড্রাইভার রয়টার্সকে বলেন, "এখানে গতকাল যা দেখেছিলাম, আজ তা দেখতে পাচ্ছি না। ভবন, মন্দির এবং দোকানপাট কোনকিছুরই অস্তিত্ব নেই। আমি কেবল কাদা দেখতে পাচ্ছি।"
ভূমিধস থেকে বেচে যাওয়া এক মহিলা স্থানীয় গণমাধ্যমকে বলেন, "আমি কাদার নিচে ঢাকা পড়েছিলাম। কয়েকজন আমাকে টেনে তুলে আনেন। আমার মা এবং চাচী কাদায় ঢাকা পড়ে মারা গেছেন।"
অন্তত দুই কিলোমিটার এলাকা ভূমিধসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার মিরর পত্রিকা। এ ছাড়া প্রবল বৃষ্টিপাতে দেশটির বেশ কিছু হাইওয়ে সড়ক ভেসে গেছে।
উল্লেখ্য, গত জুনে দেশটিতে এক ভূমিধসে ২২ জন নিহত হন। এ ছাড়া বাড়িঘর ছাড়তে বাধ্য হন হাজারো মানুষ।
এসএমএ





