নিজের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে একটি চূড়ান্ত চুক্তি সই করার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা চালিয়ে যাবে তেহরান। একথা জানিয়েছেন আইন ও আন্তর্জাতিক বিষয়ক ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।
রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আগামী ২৪ নভেম্বরের আগেই ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে একটি পরমাণু চুক্তি সই করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।
জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও ব্রিটেনের পাশাপাশি জার্মানিকে নিয়ে ছয় জাতিগোষ্ঠী গঠিত। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে পাশ্চাত্যের সৃষ্ট সংকট নিরসনের লক্ষ্যে এ গোষ্ঠী গঠিত হয়েছে।
নির্ধারিত সময়সীমার মধ্যে একটি চূড়ান্ত পরমাণু চুক্তি সই করতে হলে সংশ্লিষ্ট সব পক্ষকে সদিচ্ছা দেখাতে হবে বলে আরাকচি মন্তব্য করেন। তিনি বলেন, পরমাণু আলোচনায় তেহরান যথেষ্ট আন্তরিক এবং ‘শেষ মুহূর্ত পর্যন্ত’ আলোচনার টেবিলে উপস্থিত থাকবে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
ইরানের ওপর দু’দিন আগে আমেরিকা নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার প্রচণ্ড সমালোচনা করে উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৩ সালের নভেম্বরে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান যে অন্তর্বর্তী চুক্তি সই করেছে এ নিষেধাজ্ঞা তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি আরো বলেন, আগামী ২৪ নভেম্বরের মধ্যে যদি দু’পক্ষ চূড়ান্ত চুক্তি সই করতে ব্যর্থ হয় তাতে সবকিছু শেষ হয়ে যাবে না। এর ফলে কূটনৈতিক প্রচেষ্টা থেমে যাবে না; কূটনীতি কখনো থেমে থাকে না।
২০১৩ সালের নভেম্বরে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত একটি অন্তর্বর্তী পরমাণু চুক্তি চলতি বছরের ২০ জানুয়ারি বাস্তবায়ন শুরু হয়। ছয় মাসের সে চুক্তির মেয়াদ ২০ জুলাই শেষ হওয়ার পর তা আরো চার মাসের জন্য বাড়ানো হয়। এই চার মাসের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পাশ্চাত্যের সৃষ্ট সংকট সমাধানের জন্য একটি চূড়ান্ত চুক্তি সই করার আশা করছে দু’পক্ষ।





