ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইস্ট জাভা উপকূলের অদূরে শুক্রবার সন্ধ্যায় একটি ফেরিতে আগুন ধরে গেলে পাঁচজনের প্রাণহানি হয়। এ ঘটনায় অন্তত ১৬৮ জন নিখোঁজ রয়েছে বলে শনিবার এক বিবৃতিতে জানায় উদ্ধারকর্মীরা।

জাতীয় তল্লাশি ও উদ্ধারকারী সংস্থা’র মুখপাত্র মারসুদি বার্তা সংস্থা সিনহুয়াকে ফোনে বলেন, সুমেনেকের সামালেম্বো দ্বীপের অদূরে মুতিয়ারা সেন্টোশা নামের ফেরিটিতে আগুন ধরে যায়।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ফেরি থেকে প্রায় ১শ’ ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে মারসুদি এই খবরগুলোকে নাকচ করে দেন। তিনি বলেন, ‘খবরগুলো ঠিক নয়। মাত্র ১০ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিন জন মারা গেছে এবং অন্যরা নিরাপদ আছে।’ নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এতে দুটি হেলিকপ্টার, বেশ কয়েকটি জাহাজ ও প্রায় ২শ’ লোক অংশ নিয়েছে। সিনহুয়া।
জেড