আফগানিস্তানে দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৭ আফগান সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। বুধবার সকালে রাজধানী কাবুলে সেনা বহনকারী দুটি বাসে এ দুটি আত্মঘাতী হামলা চালানো হয়। খবর বিবিসির।

আফগান সেনা বহনকারী প্রথম বাসটিতে আত্মঘাতী হামলায় নিহত হন ৭ সেনা। এ ছাড়া অনেক সেনা আহত হন। এরপর কাবুলেরই আরেকটি সেনা বহনকারী বাসে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে দুই জন করে সেনা ও বেসামরিক নাগরিক আহত হন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের একদিন পরই এ হামলা চালানো হলো। হামলার দায়িত্ব স্বীকার করে নিয়েছে তালেবান। নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের কারণেই এই হামলা চালানো হয়েছে বলে তারা জানিয়েছে। এই চুক্তিতে আফগানিস্তানের স্বাক্ষরকে তারা মার্কিন সুরের প্রতিধ্বনি বলে আখ্যায়িত করেছে।

উল্লেখ্য, গত সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মার্কিনপন্থী বলে সুপরিচিত আশরাফ গণি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরদিনই অর্থ্যাৎ গতকাল মঙ্গলবার আমেরিকার সঙ্গে নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করে আফগানিস্তান। এ চুক্তির ফলে, ২০১৪ সালের পরও আফগানিস্তানে ১২,৫০০ মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনা থেকে যাবে। উল্লেখ্য, এ বছরের ডিসেম্বরের মধ্যে ন্যাটোর সব সেনা প্রত্যাহার করতে হবে আমেরিকা ও ন্যাটোকে। চুক্তিটি স্বাক্ষরিত না হলে চলতি বছরই সব সেনাকে সরিয়ে নিতে বাধ্য হতো আমেরিকা ও ন্যাটো।

আশরাফ গণি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার দিনও রাজধানী কাবুল ও পাকতিয়া প্রদেশে পৃথক দুটি বোমা হামলায় ১৫ জন নিহত হন।

উল্লেখ্য, সদ্য সাবেক হওয়া প্রেসিডেন্ট হামিদ কারজাই নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হননি। আমেরিকার সঙ্গে দর কষাকষিতে মিল না হওয়াতেই তিনি এতে স্বাক্ষর করেননি বলে ধারণা করা হয়। সূত্র: বিবিসি

এসএমএ