ইউক্রেনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল ক্রিমিয়ায় মস্কোর সামরিক হস্তক্ষেপের ফলে স্নায়ুযুদ্ধের সময়ের মত সৃষ্ট অচলাবস্থা নিরসনে যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনা ব্যর্থ হয়েছে। এদিকে ইউক্রেনের সঙ্গে থাকা না থাকা নিয়ে ক্রিমিয়ায় আগামীকাল গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শুক্রবার লন্ডনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ক্রিমিয়া-সংকট নিয়ে বৈঠকে বসেন। ক্রিমিয়ায় মস্কো সমর্থিত রোববারের গণভোট ঠেকানো বা প্রলম্বিত করা এ বৈঠকের লক্ষ্য বলে ধারণা করা হচ্ছিল।
তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই ক্রিমিয়া দখল করবেন না এবং রাশিয়া তাদের সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেবে অন্তত এতটুকু আশ্বাস লাভরভের কাছ থেকে পাওয়ার যে আশা যুক্তরাষ্ট্র করেছিল তা চুরমার হয়ে গেল।
কেরির সঙ্গে বৈঠকে লাভরভ স্পষ্ট করে বলেন, ক্রিমিয়ায় গণভোটের আগ পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। তবে ওয়াশিংটন এখনও আশাবাদী ক্রিমিয়ার প্রকৃত দখল নিতে মস্কো অতিরিক্ত কোন পদক্ষেপ নেবে না।
লন্ডনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ছয় ঘন্টাব্যাপী এ বৈঠকে ক্রিমিয়া ও ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সেনা মোতায়েনে গভীর উদ্বেগ প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি ক্রিমিয়ায় রোববারের গণভোটের প্রতি রাশিয়ার পার্লামেন্ট যে সমর্থন দিয়েছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আন্তর্জাতিক সম্প্রদায় গণভোট মেনে নেবে না উল্লেখ করে কেরি বলেন, এরপরও তা অনুষ্ঠিত হলে তাদেরকে কিছু নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে।
জবাবে রুশ পররাষ্ট্র মন্ত্রী বৈঠককে গঠনমূলক উল্লেখ করে বলেন, ইউক্রেনে অনুপ্রবেশে তাদের কোনো ইচ্ছা নেই। তবে তারা রোববার ক্রিমিয়ায় অনুষ্ঠিত গণভোটে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।
বৈঠক শেষে জন কেরি বলেন, ইউক্রেনের অখণ্ডতা নিয়ে তিনি ‘গঠনমূলক মতামত’ তুলে ধরেছেন। কিন্তু রাশিয়া এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সূত্র: এএফপি
[b]ঢাকা, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনা ব্যর্থ, ক্রিমিয়ায় কাল গণভোট
ইউক্রেনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল ক্রিমিয়ায় মস্কোর সামরিক হস্তক্ষেপের ফলে স্নায়ুযুদ্ধের সময়ের মত সৃষ্ট অচলাবস্থা নিরসনে যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনা ব্যর্থ হয়েছে। এদিকে ইউক্রেনের সঙ্গে থাকা না থাকা নিয়ে ক্রিমিয়ায় আগামীকাল গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।





