ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের জবাবে পাল্টা হামলায় পাক-ভারত সীমান্তের টাট্টা পানি এলাকায় ৮ ভারতীয় সেনাকে হত্যা ও এক সেনাকে আটকের পাকিস্তানের দাবি নাকচ করে দিয়েছে ভারত।
ভারতীয় সামরিক বাহিনী সূত্র জানায়, ৮ ভারতীয় সেনাকে হত্যা ও এক সেনাকে পাকিস্তানের আটকের দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। খবর টাইমস অব ইন্ডিয়া।
এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের নিরাপত্তাবাহিনীর বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দেশটির জাতীয় দৈনিক ডন ৮ ভারতীয় সেনাকে হত্যা ও এক সেনাকে পাকিস্তান আটক করেছে মর্মে সংবাদ প্রকাশ করে। ডনের খবরে বলা হয়, সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে পাক সেনাবাহিনীর গোলাগুলির সময় এ হতাহতের ঘটনা ঘটেছে। এর আগে, বুধবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর অভিযানে দুই পাক সেনা নিহত হয়।
পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আটক ভারতীয় সেনা সদস্যের পরিচয় প্রকাশ করেছে ডন। পাকিস্তানি এ সংবাদমাধ্যম বলছে, আটক ভারতীয় সেনার নাম চান্দু বাবু লাল চৌহান। তাকে অজ্ঞাত স্থানে নেয়া হয়েছে। ২২ বছর বয়সী আটক সেনা সদস্য মহারাষ্ট্রের নাগরিক।
ডন জানায়, গোলাগুলিতে নিহত ভারতীয় সেনাদের মরদেহ সীমান্তের সংঘর্ষস্থলে রয়েছে। এ ছাড়া পাকিস্তানি সেনাবাহিনীর অব্যাহত গোলাগুলির কারণে মরদেহ উদ্ধার করতে পারেনি ভারতীয় সেনারা।
জেড





