আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট শপথ নেয়ার ঠিক একদিন পরই আমেরিকার সাথে নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করলো দেশটি। মঙ্গলবার আফগানিস্তানের নতুন নিয়োগপ্রাপ্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হানিফ আতমার এই চুক্তিতে স্বাক্ষর করেন। আর আমেরিকার পক্ষে স্বাক্ষর করেন কাবুলে মার্কিন অ্যাম্বাসেডর জিম কানিংহ্যাম। খবর বিবিসি'র।

সদ্য বিদায়ী প্রেসিডেন্ট হামিদ কারজাইকে বারবার অনুরোধ করে এবং চাপ প্রয়োগ করেও চুক্তিতে স্বাক্ষর করাতে পারেনি ওবামা প্রশাসন।

কিন্তু নতুন প্রেসিডেন্ট আশরাফ গণি নির্বাচিত হয়েই প্রথমেই চুক্তিতে স্বাক্ষর করার সিদ্ধান্ত নেন। অবশ্য আগে থেকেই নির্বাচনী প্রতিশ্রুতিই ছিল যে, নির্বাচিত হলে আমেরিকার সঙ্গে নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করবেন। শুধু তিনিই নন, তার প্রধান প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহরও নির্বাচনী প্রতিশ্রুতি ছিল চুক্তিতে স্বাক্ষর করার।

নিরাপত্তা চুক্তি অনুযায়ী ২০১৪ সালের পরও আফগানিস্তানে ৯,৮০০ মার্কিন সেনাসহ মোট ১২,৫০০ ন্যাটো সেনা থেকে যাবে। তারা আফগানিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নিতে পারবেন। তবে, আফগান সেনাদের প্রশিক্ষণ দেয়াই হবে তাদের মূল দায়িত্ব।

উল্লেখ্য, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর মূল অভিযান শেষ হচ্ছে। দেশটিকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে এবং তালেবানের বিরুদ্ধে না জয়, না পরাজয় এই অবস্থায় রেখেই চলে যেতে বাধ্য হচ্ছে ন্যাটো বাহিনী। এটাকে এক ধরনের পরাজয়ই বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সূত্র: বিবিসি

এসএমএ