গাজায় হামাসের প্রতিরোধ যুদ্ধের সমর্থনে হাজার হাজার লোক সমাবেশ করেছেন। গাজার এই সমাবেশে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করেছেন জনতা। এই সমাবেশে অনেক শিশুও অংশগ্রহণ করে।
সমাবেশে হামাস নেতারা বলেছেন যুদ্ধ এখনও শেষ হয়নি। তারা ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান। মিশরে ইসরাইলের সাথে ফিলিস্তিনি প্রতিনিধিদের বৈঠকের সময় এই সমাবেশ অনুষ্ঠিত হলো।
এদিকে, তিনদিনের যুদ্ধবিরতি শেষে শুক্রবারে আবারও হামলা শুরু করেছে ইসরাইল। ইসরাইল অভিযোগ করেছে, গাজা থেকে ১৮টি রকেট হামলা করা হয়েছে।
হামাস ও ইসরাইলের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি আলোচনা বেশ জটিল অবস্থায় রয়েছে। হামাস নেতারা বলেছেন মিশরে এই আলোচনায় তারা সন্তুষ্ট নন। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আলোচনা চালিয়ে যাবে।
এদিকে ইসরাইল সফররত মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দলকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু অনুরোধ জানিয়েছেন দেশটির বিরুদ্ধে যেন যুদ্ধাপরাধের কোনো অভিযোগ আনা না হয়। ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশ ইতোমধ্যে ইসরাইলের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে এবং জাতিসংঘ মানবাধিকার কমিশন সংখ্যাগরিষ্ঠ ভোটে গাজায় যুদ্ধাপরাধ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





