ইরাকে আইএসআইএল যোদ্ধাদের হাতে অপহৃত ৪৬ ভারতীয় নার্স দেশে ফিরে আসার পর দিনই অর্থ্যাৎ আজ রোববার আরও প্রায় ২০০ ভারতীয় ইরাক থেকে দেশে ফিরেছেন। খবর বিবিসি’র।
আগামী কয়েক দিনে আরও শত শত নাগরিককে দেশে ফেরানো হচ্ছে বলেও ভারত জানিয়েছে। কিন্তু মসুলে অপহৃত ৩৯ জন নির্মাণকর্মীর এখনও কোনও সন্ধান মেলেনি, ফলে ভারতে তাদের আত্মীয়স্বজনদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।
যারা ইরাক থেকে দেশে ফিরছেন তাদেরও অনেকে বিপুল ধারদেনা কীভাবে শোধ করবেন – তা ভেবে কূল করতে পারছেন না।
এই ২০০ জন কারবালা ও নাজাফ এলাকায় কর্মরত ছিলেন। এদের বেশির ভাগই গত কয়েকদিন ধরে গোলাগুলির মধ্যে আটকে পড়েছিলেন, ঠিকমতো খেতেও পাচ্ছিলেন না।
তারা জানান, কারবালায় গত চব্বিশ ঘন্টা ধরে শিয়া-সুন্নিদের মধ্যে গুলির লড়াই হয়েছে, বোমা আর গুলির শব্দ শোনা গেছে দিনভর।
আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও অন্তত ৪৫০ জন ভারতীয় ইরাক থেকে দেশে ফিরবেন বলেও জানানো হয়েছে।
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন রোববার জানান, মোট প্রায় ২২০০ ভারতীয় ইরাক থেকে দেশে ফিরতে চেয়েছেন। এদের মধ্যে মাত্র ছয়শজনের টিকিটের খরচ দিতে তাদের কোম্পানি রাজি হয়েছে, বাকিদের টিকিটের ব্যবস্থা ভারত সরকারই করছে।
এ ছাড়া নেপাল সরকারের অনুরোধে নেপালি নাগরিকদের দেশে ফেরার তদারকিও ভারতই করছে, কারণ ইরাকে নেপালের কোনও দূতাবাস নেই। সূত্র: বিবিসি
ঢাকা, ০৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ





