ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মেলানোর পর মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলার হাত মোছার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে গেছে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, শনিবার সিলিকন ভ্যালিতে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্ণধারদের নিয়ে মোদীর আয়োজিত ‘ডিজিটাল ইন্ডিয়া’ ডিনারের পরিচয়পর্বে এ ঘটনা ঘটে।

ফেইসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, মোদীর সঙ্গে হাত মেলানো শেষে ফিরে আসার সময় দুই হাতের তালু ঘষছেন সত্য নাদেলা। টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, নাদেলার হাত মোছার বিষয়টি মোদীর সঙ্গে করমর্দনের প্রতিক্রিয়া, না নিছক মুদ্রা দোষ- তা নিশ্চিত হওয়া যায়নি।

ফেইসবুকে যারা মন্তব্য করেছেন, তাদের অনেকেরই ধারণা, নাদেলা আসলে শুচিবায়ু বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে ভুগছেন।

অয়ুক নামের এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, “নাদেলা হাত মুছছেন, আর মোদী জাকারবার্গকে ক্যামেরার পথ থেকে সরিয়ে দিচ্ছেন, সত্যিই হাস্যকর। এ ধরনের অপরিপক্কতা সত্যিই লজ্জার।” অনেকে আবার এত আলোচনায় বিরক্তি প্রকাশ করেছেন।

সিড বালাচন্দ্রন নামে আরেক ব্যবহারকারী লিখেছেন, “সত্য নাদেলার হাত মোছার ঘটনায় এত আলোচনার কী আছে? হতে পারে নাদেলা হাতের পরিচ্ছন্নতা নিয়ে শুচিবায়ুগ্রস্থ।”

এএইচ