গাজায় যুদ্ধবিরতি আরও ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে। সোমবার মধ্যরাতে পাঁচ দিনব্যাপী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগ মুহূর্তে তা আরও এক দিন বাড়ানো হয়। গত বুধবার রাত থেকে পাঁচ দিনব্যাপী যুদ্ধবিরতি শুরু হয়।

মিশরের রাজধানী কায়রোতে আলোচনারত ফিলিস্তিন ও ইসরায়েলের কর্মকর্তারা যুদ্ধবিরতি এক দিন বাড়ানোর ব্যাপারে সম্মত হন।

এদিকে, গাজায় দীর্ঘমেয়াদি শান্তি স্থাপনের লক্ষ্যে মিশরের মধ্যস্থতায় কায়রোতে আলোচনা চালিয়ে যাচ্ছে বিবদমান হামাস ও ইসরায়েল।

তবে রোববার ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তার দেশের নিরাপত্তাসংক্রান্ত দাবিগুলোর বিষয়ে সুস্পষ্ট প্রতিশ্রুতি না পেলে তারা দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিতে যাবে না।

নেতানিয়াহু আরও জানান, হামাস যদি হামলা চালায় তবে ইসলায়েলি বাহিনী তার কঠোর জবাব দেবে।

গাজায় গত ৮ জুলাই থেকে মাসাধিককাল ধরে চলা ইসরায়েলি অভিযানে দুই হাজার ১৬ ফিলিস্তিনি নিহত হয়। এদের অধিকাংশই বেসামরিক মানুষ। এর বিপরীতে হামাসের হামলায় ৬৬ ইসরায়েলি নিহত হয়। সূত্র : আল জাজিরা ও বিবিসি

ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই