রোহিঙ্গা শরণার্থীরা মিয়ানমারে ফিরে গিয়ে আগের মতোই হত্যা-নির্যাতনের শিকার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)।

সংগঠনটির এশিয়া অঞ্চলের উপ-প্রধান ফিল রবার্টসন রোববার (২৮ জানুয়ারি) বলেছেন, রোহিঙ্গা শরণার্থীরা মিয়ানমারে ফেরার পথেই হত্যা-নির্যাতনের শিকার হতে পারে। এ বিষয়ে আন্তর্জাতিক কোনো নিশ্চয়তার ব্যবস্থা করা হয় নি বলে তিনি জানান।

ফিল রবার্টসন আরও বলেছেন, যে পরিস্থিতির কারণে রোহিঙ্গারা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন আবারও যে সে পরিস্থিতির সৃষ্টি হবে না তার কোনো নিশ্চয়তা নেই। মিয়ানমারে প্রবেশের পরই তারা আগের মতো পরিস্থিতির শিকার হতে পারেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

গত বছরের আগস্টের শেষ দিকে মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্মম হত্যা-নির্যাতন শুরু করে দেশটির উগ্র বৌদ্ধ ও সরকারি সশস্ত্র বাহিনী। এ অভিযানে নিহত হয় ৮ হাজারেরও বেশি রোহিঙ্গা এবং আহত হয় আরও ৮ হাজার। গণহত্যা এড়াতে দেশটির লাখ লাখ মুসলমান বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।

সম্প্রতি বাংলাদেশের সঙ্গে এক চুক্তির আওতায় রোহিঙ্গাদের ফেরত নেয়ার কথা বলছে মিয়ানমার। কিন্তু রোহিঙ্গা মুসলমানদেরকে তাদের বসতভিটায় নয় বরং কাঁটা তারে ঘেরা শরণার্থী শিবিরে রাখা হবে। এ কারণে রোহিঙ্গারা দেশে ফিরতে রাজি নন।

এমবি