ইরাকের বাগদাদজুড়ে মঙ্গলবার গাড়ি বোমার বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী ও হাসপাতাল সূত্রে এ কথা জানিয়েছে আলজাজিরা। পৃথক পাঁচটি বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। যেসব স্থান লক্ষ্য করে হামলাগুলো চালানো হয় তার মধ্যে হাসপাতাল ও গাড়ি পার্কিং এলাকাও রয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-আব্দি ওয়াশিংটনে প্রেসিডেন্ট ওবামার সাথে সাক্ষাতের প্রাক্কালে এই হামলার ঘটনা ঘটল।
ইরাকে রাজধানীর পশ্চিমাঞ্চলে ইয়ারমুক হাসপাতালের কাছে একটি বিস্ফোরণে কমপক্ষে ৪ জন নিহত ও ১০ আহত হয়।
বাগদাদের পূর্বের ওয়াজিরিয়া এলাকায় অন্যান্য বোমাগুলোর বিস্ফোরণ হয়। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, বাগদাদের দক্ষিণে মাহমুদিয়া এলাকায় একটি বিস্ফোরণ ঘটে।
এর আগে গত সোমবার বাগদাদের পশ্চিমে অবস্থিত বায়া শহরে গাড়ি বোমা বিস্ফোরণে ৩১ জন নিহত হয়েছিল।
রাজধানীতে প্রায় প্রতিদিন বোমা ও বন্দুক হামলার ঘটনা ঘটলেও গত জুন থেকে ইসলামী স্টেট গ্রুপের ব্যাপক হামলা এবং নগরীর উত্তর-পশ্চিম অঞ্চলে একটি বিশাল এলাকা তাদের নিয়ন্ত্রণ নেয়ার পর তা কমে আসে।
জেআই





