ফিলিস্তিনের জাতীয় সরকারের ঐক্য নষ্টের অভিযোগ নাকচ করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা বলেছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় সরকার পরিচালনায় হামাস কোনো বাধা সৃষ্টি করছে না।

রোববার প্রকাশিত এক বিবৃতিতে হামাস মুখপাত্র সামি আবু জুহরি বলেছেন, তাদের বিরুদ্ধে এ অভিযোগ সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন এবং অন্যায্য।

ফিলিস্তিনের জাতীয় সরকারের প্রধান মাহমুদ আব্বাস সংহতি চুক্তি বাতিলের হুমকি দেয়ার পর সামি আবু জুহরি এ বিবৃতি দিলেন।

গত এপ্রিল মাসে হামাস ও ফাতাহ দল কয়েক বছরের দ্বন্দ্বের অবসান ও জাতীয় ঐক্যের সরকার গঠনের জন্য একটি চুক্তি সই করে। সে অনুযায়ী পশ্চিম তীর ও গাজার শাসনভার ঐক্য সরকারের হাত থাকার কথা। কিন্তু রোববার মাহমুদ আব্বাস মিশরের রাজধানী কায়রোয় পৌঁছে অভিযোগ করেছেন, গাজা উপত্যকায় সরকার পরিচালনার ক্ষেত্রে হামাস সহযোগিতা করছে না। এর জবাবে আবু জুহরি বলেছেন, আব্বাসের এ অভিযোগ অন্যায়। সূত্র: আইআরআইবি

ঢাকা, ০৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ