ইউরোপীয় ইউনিয়ন ফলের রাজা হিসেবে খ্যাত অতি সুস্বাদু পাকা আম এবং ৪ ধরনের সবজি আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ২৮ সদস্যের ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্ত ১ মে থেকে কার্যকর হবে।
এদিকে ভারতের প্রধান রফতানি উন্নয়ন সংস্থা ইউরোপে আম আমদানির উপর নিষেধাজ্ঞার সমালোচনা করে এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য ব্রাসেলসে আবেদন জানিয়েছে।
ইইউ এসব ফল ও সবজির চালানে অইউরোপীয় ফলের পোকার (নন-ইউরোপিয়ান ফ্রুট ফ্লাইজ) মতো অবাঞ্চিত পোকা পাওয়ার পর এ সিদ্ধান্ত নেয়। এরপর থেকে সব ধরনের চালান প্রত্যায়ন ও পরীক্ষার আওতায় আনা হয়। ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোট অর্গানাইজেশনের (এফআইইও) সভাপতি রফিক আহমেদ এএফপি'কে একথা জানান। তিনি বলেন, আমরা ইইউকে বিষয়টি দেখতে বলেছি এবং আমরাও এ ব্যাপারে সতর্ক পদক্ষেপ নিয়েছি। এখন তাদের এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত।
ইইউ’র এই নিষেধাজ্ঞা ১৬ মিলিয়ন টন আমের উপর প্রভাব ফেলেছে। পৃথিবীর বৃহত্তম আম রফতানিকারক দেশ ভারত বিশ্বব্যাপী বিভিন্ন জাতের ৭০ হাজার টন আম রফতানি করে।
অবশ্য রফতানিকারকরা বলছে যে, উপসাগরীয় এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্রেতারা ভারতের আম আমদানীতে আগ্রহ দেখাচ্ছে।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এএফপি’কে বলেন, নয়াদিল্লি ইতোমধ্যে বিষয়টি ব্রাসেলসে উত্থাপন করেছে এবং আগামীতে এ নিয়ে কথা বলা হবে।
ব্রাসেলসভিত্তিক ইউরোপ ইন্ডিয়া চেম্বার অব কমার্স (ইআইসিসি) পৃথক এক বিবৃতিতে বলেছে, এই নিষেধাজ্ঞা ভারতের সঙ্গে ২০০৭ সাল থেকে চলে আসা মন্থরগতির মুক্ত বাণিজ্য আলোচনা বাধাগ্রস্ত হতে পারে।
ইআইসিসি’র মহাসচিব এই সিদ্ধান্তকে ভুল হিসেবে উল্লেখ করে বলেছেন, এই নিষেধাজ্ঞার কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই।
ইইউর স্বাস্থ্য সেবা সম্পর্কিত কমিটি গত মাসে ভারতের ফল ও সবজির ২০৭টি চালানে পোকার উপস্থিতি লক্ষ্য করে এই পদক্ষেপ নেয়। নিষেধাজ্ঞার তালিকায় তেঁতো লাউ ও বেগুনও রয়েছে। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]