ইরান ও রাশিয়ার মধ্যে ৭০ বিলিয়ন ইউরোর একটি বাণিজ্য ও অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ খবর জানিয়েছেন রাশিয়ার খনি মন্ত্রী আলেকজান্ডার নোভাক। খবর প্রেসটিভির।

মঙ্গলবার রাতে তেহরানে অনুষ্ঠিত ইরান-রাশিয়া ট্রেড কো-অপারেশন কমিশনের ১১তম বৈঠকে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠকে রাশিয়ার অন্তত ৪০টি ব্যবসায়িক প্রতিষ্ঠান যোগ দেয়।

চুক্তির ফলে রাশিয়া ইরান থেকে বিভিন্ন পণদ্রব্য ও সেবা ক্রয় করবে; আবার ইরানও রাশিয়া থেকে এগুলো ক্রয় করবে।

এ ছাড়া ইরানের তেল ও গ্যাসের বাজারেও প্রবেশ করার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। ইরান তেল বিষয়ক নীতিমালার উন্নতি সাধন করলে তারা এখানে ব্যাপক পরিকল্পনা নিয়ে এগোবে বলেও দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।

রাশিয়া ও ইরানের প্রেসিডেন্ট অদূর ভবিষ্যতে সাক্ষাত করবেন এমন তথ্যও জানানো হয়েছে ইরান-রাশিয়া ট্রেড কো-অপারেশন কমিশনের বৈঠক থেকে।

উল্লেখ্য, ইউক্রেনে বিদ্রোহীদেরকে সহায়তার অভিযোগ তুলে রাশিয়ার বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর অবরোধ আরোপ করে রেখেছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। যদিও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে আসছে। অন্যদিকে, ইরানের ওপরও বিভ্ন্নিভাবে অবরোধ দিয়ে রেখেছে পশ্চিমারা। সূত্র: প্রেসটিভি

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ