ভারতের বিহারের একটি স্কুলে ছাত্র-ছাত্রীদের দেয়া দুপুরের খাবারে সাপ পাওয়া গেছে। শনিবার এই খাবার খেয়ে বিহারের সীতারাম জেলার এক সরকারি স্কুলের ৫৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। খবর হিন্দুস্তান টাইমসের।
জেলার সরকারি কর্মকর্তা বিনোদ কুমার জানান, শনিবার বিহার রাজ্যের সীতারাম জেলার সরসন্দ থানা এলাকার মেঘপুর সরকারি বিদ্যালয়ে শনিবার স্কুলের দেয়া দুপুরের খাবার খেয়ে শিক্ষার্থীরা বমি করতে থাকে। অনেকে আবার অজ্ঞান হয়ে যায়।পরে তাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাদের কারো অবস্থাই সঙ্কটাপন্ন নয় বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
ভারতের সব সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিত থাকার জন্য ‘মিড ডে মিল’ বা মধ্যাহ্ন খাবার পরিবেশনের নিয়ম চালু আছে।
স্কুলের দেয়া যে খিচুরি খেয়ে ছাত্র-ছাত্রীরা অসুস্থ হয়েছে তা জব্দ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলে বিনোদ কুমার জানিয়েছেন।
তিনি বলেন, “খিচুরির মধ্যে একটি লম্বা ও কালো বস্তু খুঁজে পাওয়া গেছে। আমাদের ধারণা এটি একটি সাপ। সম্ভবত খাবারের সঙ্গেই এটিকে রান্না করা হয়েছে।“
এ সম্পর্কে সরসন্দ থানার পুলিশ ইন্সপেক্টর বিমার কুমার জানান, শিক্ষার্থীরা খাবার খাওয়ার পরই সাপটি সকলের নজরে পড়ে। এরপরই ছাত্র-ছাত্রীদের অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়।
উল্লেখ্য, আজ থেকে ২৩ বছর আগে বিহারের সারন জেলার ধর্মাসতী গানদামান গ্রামের এক প্রাইমারি স্কুলে কিটনাশক মেশানো খাবার খেয়ে ২৩ শিশু মারা গিয়েছিল।
ঢাকা, ০৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ





