দক্ষিণ আফ্রিকায় পুলিশের গুলিতে ৩৪ জন খনি শ্রমিকের মৃত্যুর ঘটনায় ব্যাপক সমালোচনার পর একটি ফৌজদারি তদন্তের জন্য সুপারিশ করা হয়েছে।

তিন বছর আগের ওই ঘটনার উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেছেন, মারিকানা প্লাটিনাম খনিতে পুলিশের অভিযান ছিল ত্রুটিপূর্ণ এবং সেখানে পরিস্থিতি ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে।

সে সময় বিক্ষোভরত শ্রমিকদের শান্ত করতে না পারার জন্য খনির প্রতিপক্ষ আরেকটি শ্রমিক ইউনিয়ন ও খনি মালিকের দোষী সাব্যস্ত করা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকায় ২০১২ সালে মারিকানা প্লাটিনাম খনিতে শ্রমিকদের ধর্মঘটের সময় পুলিশের অভিযানে ৩৪ জন খনি শ্রমিক মারা যান।

সেই ঘটনায় গঠিত তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করে দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেছেন, তদন্ত দল তাদের অনুসন্ধানে দেখেছে, মারিকানা প্লাটিনাম খনিতে পুলিশের অভিযান পরিকল্পনা ছিল ত্রুটিপূর্ণ।

পুলিশ বাহিনীর কোনো ধরনের শৃঙ্খলা বা নিয়ন্ত্রণ ছিল না। একই সঙ্গে শ্রমিকদের ধর্মঘট বন্ধ করে পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ হওয়ায় প্রতিদ্বন্দ্বী শ্রমিক ইউনিয়ন গ্রুপ এবং খনির মালিককেও দোষারোপ করেছে তদন্ত দল।

তবে তদন্ত দল ভাইস প্রেসিডেন্টসহ সরকারের কয়েকজন মন্ত্রীকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। সূত্র: বিবিসি

এআর