আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেননি এক সময়ে তার প্রতিদ্বন্দ্বী সিনেটর টেড ক্রুজ।তিনি বরং ভোটারদের সচেতনতার সঙ্গে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। এ নিয়ে কনভেনশন হলে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।


সেখানে উপস্থিত দলীয় নেতাকর্মীরা বার বার ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেয়ার আহ্বান জানাতে থাকেন। তারা ‘ট্রাম্প, ট্রাম্প, ট্রাম্প’ বলে স্লোগান দেন। কিন্তু নিজের অবস্থানে অটল থাকলেন টেড ক্রুজ।তিনি সহজে মেনে নিতে পারেন নি অকস্মাৎ রিয়েল এস্টেট বিলিয়নিয়ারকে প্রেসিডেন্ট পদে। তিনি যে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেবেন না তা স্পষ্ট হয়ে উঠেছিল দলীয় প্রাইমারিতে।


কারণ, প্রাইমারি নির্বাচনের শেষের দিকে যখন ডোনাল্ড ট্রাম্প অপ্রতিরোধ্য হয়ে ওঠেন তখন টেড ক্রুজ ও দলের অপর প্রার্থী জন কাসিচ জোট পাকান ট্রাম্পকে ঠেকানোর জন্য। কিন্তু তাদের সে কৌশলও কাজে দেয় নি।তারই জের উঠে এসেছে ক্লিভল্যান্ডে দলীয় কনভেনশনে। তিনি ট্রাম্পকে অনুমোদন না দেয়ায় সেখানে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। তাকে তিরস্কার করা হয়।


উপস্থিত দলীয় নেতাকর্মীরা বার বার ‘আমরা ট্রাম্পকে চাই’ এবং ‘ট্রাম্পকে অনুমোদন দাও’ স্লোগান দিতে থাকে। কিন্তু টেক্সাসের সিনেটর টেড ক্রুজ তাতেও কর্ণপাত করেন নি।


ক্লিভল্যান্ড সম্মেলনস্থল থেকে বিবিসির সাংবাদিক অ্যান্থনি জারচার বলছেন, এ অবস্থায় পুরো কনভেনশন হল যেন টেড ক্রুজের বিরুদ্ধে অবস্থান নেয়। তিনি যখন বক্তব্যে আগামী নভেম্বরের নির্বাচনে ভোটরদের ঘরে বসে না থাকার আহ্বান জানান তখন সবাই প্রত্যাশা করেছিলেন যে, তিনি নতুন প্রেসিডেন্ট প্রার্থীকে অনুমোদন দেবেন।


এ সময় সম্মেলনস্থলের সামনের সারি থেকে একজন চিৎকার করে বলে ওঠেন ‘ডু ইট, ট্রেড!’ কিন্তু এর পরিবর্তে টেড ক্রুজ বললেন, আপনাদের চেতনা ঠিক রেখে ভোট দেবেন। সঙ্গে সঙ্গে সম্মেলনস্থল থেকে টেড ক্রুজকে তিরস্কার দেয়া হতে থাকে।


কেউ কেউ চিৎকার করে বলতে থাকেন ‘ট্রাম্প! ট্রাম্প! ট্রাম্প!’ কেউ কেউ বলছেন, এমনটা করে টেড ক্রুজ তার নিজের রাজনৈতিক ক্ষতি করেছেন।


আগামী দু’বছর পরেই তার সামনে সিনেট নির্বাচন। ২০২০ সালেই তিনি আবার প্রেসিডেন্ট পদে মনোনয়ন চাইতে পারতেন। কিন্তু ট্রাম্প বিরোধী অবস্থান নেয়ায় তাতে অনেক ক্ষতি করে ফেলেছেন তিনি।


উল্লেখ্য, দলীয় প্রাইমারিতে ডেলিগেট সংগ্রহের দিক থেকে ট্রাম্পের পরেই অর্থাৎ দ্বিতীয় অবস্থানে ছিলেন টেড ক্রুজ। এতে ট্রাম্পের সংগ্রহ ১৫৪২ টি ডেলিগেট। টেড ক্রুজের সংগ্রহ ৫৬০টি।


সূত্র: বিবিসি