রাজধানী ওয়াশিংটন ডিসিতে বুধবার (২০ জানুয়ারি) উৎসব করছে ডেমোক্র্যাটরা তবে প্রেসিডেন্ট জো বাইডেনের অনেক সমর্থক শহরটিকে এড়িয়ে চলছে।

নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যে প্রতিবাদের ডাক দিয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জরুরি অবস্থার কথা উল্লেখ করে সমাবেশ বাতিল করেছে পাবলিক এডভোকেট নামের একটি গ্রুপ।

ট্রাম্প-পন্থী অন্যান্য গ্রুপের নেতারা বলছেন যে তারাও শহরে যাচ্ছেন না। তাদের একজন বলেছেন, “কংগ্রেস সদস্য, বাইডেনের কর্মকর্তা এবং ৬০,০০০ ন্যাশনাল গার্ড ছাড়া সেখানে আর কেউ থাকবে না।”

তবে নিরাপত্তার জন্য সেখানে ২৫,০০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।

ওয়াশিংটন ডিসি থেকে সংবাদদাতারা জানাচ্ছেন, সহিংসতা ঠেকানোর চেষ্টায় শহরটি এক ধরনের লক-ডাউনে রয়েছে। এর ফলে জো বাইডেনের বহু সমর্থক সেখানে যাবেন না। তবে সন্দেহ নেই যে এর মধ্যেও অনেকেই সেখানে উপস্থিত থাকবেন।

কিছুক্ষণ আগে বিদায় ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

তিনি বলেছেন, প্রেসিডেন্ট হওয়া ছিল “অনেক সম্মানের” বিষয়। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি সবসময় আপনাদের জন্য লড়বো।”

ট্রাম্প বলেন, “কোন না কোন কাঠামোতে আমরা আবার ফিরে আসবো”

ভাষণে জো বাইডেন ও কমালা হ্যারিসের নাম উল্লেখ করেননি তিনি। তবে তাদের সাফল্য কামনা করেছেন।

জো বাইডেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ও কমালা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন আজ বুধবার।

বুধবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টায় আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন।

আর প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন কমালা হ্যারিস।

অনুষ্ঠানে যোগ দেবেন না বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের ফলাফল তিনি প্রত্যাখ্যান করেছেন।

ক্যাপিটল হিলের সামনের এই অনুষ্ঠানের নিরাপত্তা দেবে ২৫ হাজার সৈন্য। তথ্য সূত্র-বিবিসি

এমবি