গাজা উপত্যকায় শনিবার রাতে এক ভয়াবহ বোমা হামলায় একই পরিবারের ১৮ সদস্য নিহত হয়েছেন।

জানা গেছে, গাজার পুলিশ প্রধান তায়েসির আল-বাতসের বাসভবন লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। এ ঘটনায় আল-বাতস আহত হয়েছেন।

চলমান অভিযানে এটাই ইসরায়েলি বাহিনীর চালানো সবচেয়ে ভয়াবহ হামলা বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ফিলিস্তিন অধিকৃত গাজায় চালানো ইসরায়েলি অভিযানের ষষ্ঠ দিন রোববার বিমান হামলার পাশাপাশি স্থল হামলা শুরু করেছে দেশটি। এ দিন চলমান অভিযানে প্রথমবারের মতো হামাস সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর।

ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, হামাসের কাশেম ব্রিগেডের সদস্যদের সঙ্গে সরাসরি বন্দুকযুদ্ধে তাদের অন্তত চার সেনা আহত হয়েছে।

এদিকে রবিবার উত্তর গাজা থেকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের চলে যেতে বলেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তাদের এ ঘোষণার পর থেকে হাজারো ফিলিস্তিনি এলাকাটি ছেড়ে পালিয়েছে।

ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় এ পর্যন্ত অন্তত ১৬৬ ফিলিস্তিনি নিহত ও হাজারো লোক আহত হয়েছে।

ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ