ইউক্রেনের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ার সীমান্তের কাছাকাছি দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহর থেকে সব বেসামরিক লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

বুধবার ইউক্রেনের প্রেসিডেন্টের দফতরের উপপ্রধান কাইরিলো তিমোশেঙ্কো তার টেলিগ্রাম একাউন্টে এক বিবৃতিতে এই তথ্য জানান।

তিনি জানান, শহরটি থেকে পাঁচ হাজার মানুষ এবং এক হাজার ব্যক্তিগত গাড়ি নিরাপদ অবস্থানে চলে গেছে।

তিমোশেঙ্কো তার টেলিগ্রাম একাউন্টে একটি ভিডিও পোস্ট করেন যেখানে দেখা যায়, রাতের বেলা অনেক মানুষ একটি রেল স্টেশনে পৌঁছেছেন।

তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

রাশিয়ার সীমান্তবর্তী সুমি শহরে গত কয়েকদিন ধরে ভারী গোলাবর্ষণ করছে রুশ সৈন্যরা। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শুধুমাত্র সোমবার শহরটিতে ২২ জন নিহত হয়েছে, তাদের মধ্যে শিশুও রয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্র : বিবিসি।

এবিএস