বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার সতর্কবাণী উচ্চারণ করেছে লাইবেরিয়ায় অচিরেই ইবোলা সংক্রমণ ব্যাপক হারে বাড়তে যাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, আগামী তিন সপ্তাহে সবচেয়ে বেশি ইবোলা আক্রান্ত দেশটিতে আরো ‘বহু হাজার’ লোক ইবোলা ভাইরাসে আক্রান্ত হবে। উল্লেখ্য, এরই মধ্যে দেশটিতে এই মহামারীতে প্রায় ১১শ’ লোকের মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিবৃতিতে বলা হয়, হু ও এর মহাপরিচালক লাইবেরিয়া ও অন্যান্য স্থানে ইবোলা চিকিৎসায় হাসপাতালে শয্যা বাড়ানোর পক্ষে প্রচারণা অব্যাহত রাখবে।

পশ্চিম আফ্রিকায় দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে এবং প্রায় চার হাজার লোক ইবোলা আক্রান্ত হয়েছে।

হু বলেছে, লাইবেরিয়াকে ইবোলা মোকাবেলায় সাহায্যকারী উন্নয়ন-সহযোগীদের তাদের বর্তমান প্রচেষ্টা তিন থেকে চার গুণ বাড়ানোর জন্য প্রস্তুত হওয়া দরকার।

লাইবেরিয়ায় এ পর্যন্ত ১৫২ জন স্বাস্থ্যকর্মী ইবোলা আক্রান্ত হয়েছে এবং ৭৯ জন মারা গেছে। এর ফলে এই দরিদ্র দেশটিতে রোগী পিছু চিকিৎসা কর্মীর সংখ্যা খুবই হ্রাস পেয়েছে।

হু’র বিবৃতিতে বলা হয়, ডাক্তার বা নার্সের ইবোলা আক্রান্ত হওয়া বা মৃত্যু এই রোগে মোকাবেলার সামর্থ্য তাৎপূর্ণভাবে কমিয়ে দেয়। সূত্র: এএফপি।

ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই