ভারতকে ‘সংযত রাখতে’ জাতিসংঘের প্রতি আহ্বান পাকিস্তান। তাদের দেশে ভারতের ‘হস্তক্ষেপের’ অভিযোগ জানিয়ে জাতিসংঘের নতুন মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে বিশেষ ‘দলিলপত্র’ দিয়েছে। 

জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মালিহা লোদি গত শুক্রবার মহাসচিব গুতেরেসের সঙ্গে এক বৈঠকে ‘পাকিস্তানের ওপর ভারতের হস্তক্ষেপ এবং সন্ত্রাস’ শীর্ষক ওই দলিলপত্র তুলে দেন। সঙ্গে পাকিস্তানি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজের একটি চিঠিও ছিল।

পাকিস্তানি রাষ্ট্রদূতের অনুরোধে শুক্রবার দুপুরে ওই বৈঠক হয়েছে। তবে এতে কী আলোচিত হয়েছে সে সম্পর্কে তাঁর কোনো ধারণা নেই বলে জানান আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিচ।

দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, মালিহা লোদির পেশ করা দলিলে পাকিস্তানে ‘ভারতীয় হস্তক্ষেপের তথ্য-প্রমাণ’ রয়েছে। বিশেষত, বেলুচিস্তান, কেন্দ্রশাসিত উপজাতীয় এলাকা (এফএটিএ) এবং করাচিতে সন্ত্রাসবাদে ভারতের জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে নানা তথ্য রয়েছে।

পাকিস্তানি পররাষ্ট্র দপ্তর জানায়, তারা আগেও জাতিসংঘ বরাবর এ রকম দলিল জমা দিয়েছে। ২০১৫ সালের অক্টোবরে জাতিসংঘে তিনটি ডসিয়ের দেওয়া হয়।

সারতাজ আজিজের চিঠি অনুযায়ী, বেলুচিস্তান থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর কর্মী কুলভূষণ যাদবকে গ্রেপ্তার এবং পাকিস্তানকে ‘অস্থিতিশীল করার কার্যক্রমে’ তাঁর জড়িত থাকার স্বীকারোক্তি এবং এ ধরনের কর্মকাণ্ডে ভারতের জড়িত থাকার বিষয়ে পাকিস্তানের অবস্থান ওই দলিলপত্রে তুলে ধরা হয়েছে।

নাজিব