ইসরাইল এবং ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস যদি আন্তরিক আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি সুসংহত করতে না পারে তাহলে আগামী কয়েক মাসের মধ্যে আবার গাজা সংঘাত শুরু হতে পারে। এ আশংকা ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ।

ইসরাইলে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত লার্স ফাবোর্গ অ্যান্ডারসেন এবং ফিলিস্তিনের পশ্চিম তীরে নিযুক্ত জন গ্যাট রুটার জেরুজালেম শহরে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর আগ্রাসন বন্ধের মাত্র দু সপ্তাহ পর তারা এ কথা বলেছেন। ইসরাইলের ৫০ দিনের আগ্রাসনে গাজায় অন্তত ২,১৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর জবাবে হামাস ও ইসলামি জিহাদ আন্দোলনের রকেট হামলায় নিহত হয়েছে ৭৩ ইসরাইলি যার মধ্যে মাত্র পাঁচজন বেসামরিক নাগরিক; বাকি সবাই সেনা।

ইউরোপীয় ইউনিয়নের দুই রাষ্ট্রদূত বলেন, “গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এবং আমরা মনে করি যদি পরিস্থিতি সঠিকভাবে তুলে ধরা না হয় তাহলে আবার কয়েক মাসের মধ্যে সংঘাত শুরু হবে।”

তারা আশা করেন, ইসরাইল ও হামাসের মধ্যে শিগগিরি পরোক্ষভাবে হলেও আলোচনা শুরু হবে। হামাস নেতা খালেদ মেশালও ওইদিন বলেছেন, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে মিশরের রাজধানী কায়রোয় ইসরাইলের সঙ্গে আলোচনা শুরু হতে পারে। তবে হামাস বলছে, নিরস্ত্র করার ইসরাইলি দাবি মানবে না তারা। আর ইসরাইল বলছে, বিমানবন্দর ও সমুদ্রবন্দরের দাবি মানবে না তেল আবিব। সূত্র: আইআরআইবি

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ