কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার প্রেক্ষিতে ইতোমধ্যেই পাকিস্তানকে দেওয়া 'সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশ' (MFN)-এর তকমা প্রত্যাহার করেছে ভারত।
এবার পাকিস্তান থেকে আমদানি পণ্যের ওপর বেসিক শুল্ক বাড়িয়ে এক ধাক্কায় ২০০ শতাংশ করল নয়াদিল্লি।
বৃহস্পতিবার পুলওয়ামায় আধাসামরিক বাহিনীর জওয়ানদের বহন করা একটি বাসে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি ধাক্কা দিলে ৪৪ জন নিহত হয়েছেন।
হামলার পর পরই পাকিস্তানের ওপর দায় চাপিয়ে দেশটিকে কূটনৈতিকভাবে একঘরে করার হুমকি দিয়েছে ভারত।
দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি শনিবার এক টুইটার পোস্টে বলেন, পুলওয়ামায় ঘটনার পর পাকিস্তানকে দেয়া সবচেয়ে অগ্রাধিকারপূর্ণ দেশের (এমএফএন) মর্যাদা তুলে নিয়েছে ভারত। এখন পাকিস্তান থেকে ভারতে আমদানি করা সব ধরনের পণ্যের শুল্ক ২০০ শতাংশে বাড়ানো হয়েছে।
১৯৯৬ সালে পাকিস্তানকে এমএফএনের মর্যাদা দিয়েছিল ভারত। ওই বছর ভারত বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দিয়েছিল। বৈষম্যহীন বাণিজ্যের জন্য অংশীদারদের এমন অগ্রাধিকার দেয়া হয়।
পাকিস্তানে এখন চরম অর্থনৈতিক সংকট চলছে। এমন সময় এ সুযোগ তুলে নেয়ায় ইসলামাবাদ ক্ষতিগ্রস্ত হবে বলে ভারত সরকারের দাবি।
প্রতিবেশী দেশটি থেকে সাধারণত ফল, সিমেন্ট, চামড়া, রাসায়নিক ও মসলা আমদানি করে ভারত। দুই দেশের দ্বিপক্ষীয় বার্ষিক বাণিজ্যের পরিমাণ মাত্র ২০০ কোটি ডলারের কাছাকাছি।
এএস





