মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরকে কেন্দ্র করে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। রাজধানী নয়াদিল্লিকে রাখা হয়েছে সুতীক্ষ্ণ নজরদারিতে। সড়কপথে নিজস্ব বাহন 'বিস্টে' করে যাতায়াত করবেন ওবামা।

শনিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানকে সামনে রেখে হাজারো সিসিটিভি ক্যামেরায় সংশ্লিষ্ট এলাকা ও রাজপথের প্রতি ইঞ্চি তন্ন তন্ন করে পরীক্ষা করে দেখা হচ্ছে।

নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশের গোয়েন্দারা একসঙ্গে কাজ করছেন। দিল্লি পুলিশের প্রায় ৪৫ হাজার সদস্য বিরামহীনভাবে পর্যবেক্ষণ ও মনিটরিংয়ের কাজ করছেন।

ভারতের রাজধানীর অবস্থা অনেকটা কারফিউ জারি করা শহরের মতো। গতকাল শুক্রবার দুপুর থেকে রাজধানীর সরকারি ও বেসরকারি সব অফিস ছুটি হয়ে গেছে। ওবামা যে হোটেলে থাকবেন, তার সব রাস্তা গতকাল থেকেই নিয়ন্ত্রিত। অনুষ্ঠানস্থল-সংশ্লিষ্ট সব রাজপথ তিন দিন ধরে বন্ধ। ওবামার যাত্রাপথে পুলিশ ছাড়া কোনো সাধারণ মানুষ থাকবে না।

'বিস্ট' নামে পরিচিত মার্কিন প্রেসিডেন্টের অতি সুরক্ষিত লিমুজিন গাড়িটি ইতিমধ্যে ভারতে এসে পৌঁছেছে। একটি বিশেষ বিমানে করে আসা গাড়িটি দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে পার্ক করে রাখা হয়েছে।

২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ওবামার তিন দিনের ভারত সফর। ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

এয়ারফোর্স ওয়ানে চড়েই ভারতে পৌঁছাবেন ওবামা। এয়ারফোর্স ওয়ান ভারতের আকাশে প্রবেশ করলে অবতরণ করার আগ পর্যন্ত অন্য সব বিমান উড্ডয়ন বা অবতরণ বন্ধ থাকবে।

তিন দিনের ভারত সফরের শেষ দিন ২৭ জানুয়ারি ওবামা ও মিশেল তাজমহল দেখতে আগ্রা যাবেন। আগ্রায় ভারতের বিমানবাহিনীর ঘাঁটিতে নামবে ওবামার বিমান। সেখান থেকে তিনি হেলিকপ্টারে নাকি 'বিস্ট' গাড়িতে চড়ে তাজমহল দেখতে যাবেন, তা পরিষ্কার নয়।

কেএইচ