আফগানিস্তানে পাঁচ বছর আগে তালেবান বিদ্রোহীদের হাতে আটক হওয়া এক মার্কিন সেনাকে মুক্তি দেওয়া হয়েছে। কিউবায় অবস্থিত গুয়ানতোনামো বে কারাগারে আটক পাঁচ তালেবান কয়েদির মুক্তির বিনিময়ে মার্কিন ওই সেনাকে তালেবানরা ফিরিয়ে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের কর্মকর্তারা শনিবার এ তথ্য জানিয়েছেন। মুক্তি পাওয়া সার্জেন্ট বো বার্গডাল নামের ওই মার্কিন সেনাই একমাত্র সেনা যিনি তালেবানদের হাতে বন্দি হয়েও ফিরে এসেছেন। আফগানিস্তানের অভ্যন্তরেই ১৯ সদস্যের একটি তালেবান দল বিশেষ মার্কিন বাহিনীর কাছে শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে সার্জেন্ট বো বার্গডালকে হস্তান্তর করে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বার্গডালের শারীরিক অবস্থা ভালো রয়েছে। তিনি হাঁটতে পারছেন বলেও নিশ্চিত করেন মার্কিন কর্মকর্তারা। এদিকে গুয়ানতোনামো বে কারাগার থেকে বিনিময় করা পাঁচ বন্দি তালেবান সদস্যকে কাতারের কর্মকর্তাদের হেফাজতে পাঠানো হয়েছে। ওই বন্দিদের এক বছর কাতার ছাড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রায় সপ্তাহ খানেক ধরে বার্গডালের মুক্তির বিষয়ে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন কাতারের কর্মকর্তারা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মার্কিন সেনাবাহিনীর কাছে বার্গডালকে হস্তান্তরের পরপরই তার বাবা-মাকে ব্যক্তিগতভাবে টেলিফোন করেন। বার্গডালের বাবা-মা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন বলেও জানিয়েছেন কর্মকর্তারা। বার্গডালের মুক্তির খবরে ভীষণ খুশি বলে নিরাপত্তা কর্মকর্তাদের জানিয়েছেন তার বাবা-মা। প্রসঙ্গত, পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী আফগানিস্তানের পাকতিকা প্রদেশ থেকে ২০০৯ সালের ৩০ জুন হাক্কানি নেটওয়ার্কের সদস্যরা বার্গডালকে ধরে নিয়ে যান বলে ধারণা করা হয়। তবে তিনি তার ইউনিটের সদস্যদের থেকে কিভাবে পৃথক হয়ে যান সে বিষয়টি জানা যায়নি। সূত্র : এনডিটিভি ও বিবিসি [b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]