হাঙ্গেরিতে ইন্টারনেট ব্যবহারের ওপর ট্যাক্স আরোপের প্রতিবাদে হাজারো মানুষ বিক্ষোভ করছেন। রাজধানী বুদাপেস্টের প্রধান প্রধান চত্বরগুলোতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। দেশের অন্যান্য ৬টি ছোট শহরেও বিক্ষোভ হয়েছে। খবর বিবিসি'র।
সম্প্রতি সরকার প্রতি গিগাবাইট (জিবি) ইন্টারনেট ব্যবহারে দেশীয় মুদ্রায় ১৫০ ফরিন্ট (৬০ সেন্ট) কর আরোপের সিদ্ধান্ত নেয়। আর এতেই বিক্ষোভের সূত্রপাত। গত রোববার থেকে বিক্ষোভ দানা বাধতে শুরু করে। তবে, বুধবার তা ব্যাপক রূপ লাভ করে।
এদিকে, হাঙ্গেরিতে সরকারের এ ধরনের পদক্ষেপের সিদ্ধান্তের সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। এটাকে বাজে নীতি বলে আখ্যায়িত করেছে ইইউ। এ ধরনের নীতি রাজনৈতিক স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে বলেও উল্লেখ করেছে ইইউ।
বাজেট সংকট কাটিয়ে উঠতেই ইন্টারনেটের ওপর এ কর আরোপ করেছে সরকার। তবে, রোববার বিক্ষোভ শুরুর পর সরকার সিদ্ধান্ত পরিবর্তন করে ব্যক্তি প্রতি ৭০০ ফরিন্টে আনলিমিটেড এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৫০০০ ফরিন্টে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সিদ্ধান্ত নেয়। কিন্তু এরপরও আন্দোলন অব্যাহত রয়েছে।
ইন্টারনেটের ওপর কর আরোপকে প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ক্ষমতা কুক্ষিগত করার অপপ্রয়াস হিসেবে দেখছে বিরোধীরা। তার এ সিদ্ধান্তের প্রতিবাদে একত্রিত হয়েছে বিরোধী সব দল।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী অরবান দেশটিতে বেশ জনপ্রিয়। চলতি বছর আয়োজিত অভ্যন্তরীণ তিনটি নির্বাচনে তার দল জয়ী হয়েছে।
এদিকে, রোববার বিক্ষোভকারীদের সঙ্গে ফটোসেশন করায় দেশটিতে নিযুক্ত মার্কিন চার্জ দ্যা অ্যাফেয়ার্স আন্দ্রে গুডফ্রেন্ডের সমালোচনা করেছে অরবান সরকার।
এসএমএ





