কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। ফুসফুসের সংক্রমণ নিয়ে  বৃহস্পতিবার রাতে তিনি ওই হাসপাতালে ভর্তি হন। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।

এক বিবৃতিতে হাসপাতাল সূত্র জানিয়েছে,‘সোনিয়া গান্ধী বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ফুসফুস সংক্রামণে ভুগছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে।’

হাসপাতালের বক্ষব্যাধি বিভাগের অভিজ্ঞ চিকিৎসক অরুপ কুমার বসুর তত্ত্বাবধানে রয়েছেন কংগ্রেস সভানেত্রী।  অরুপ বসুর নেতৃত্বে গঠিত এক মেডিক্যাল টিম তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

২০১১ সালে যুক্তরাষ্ট্রে বড় ধরনের অস্ত্রোপচরের পর থেকেই সোনিয়ার স্বাস্থ্যের অবনতি হয়। সে সময় পাঁচ সপ্তাহ তিনি নিউ ইয়র্কে থাকেন এবং তার চিকিৎসার বিষয়ে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করা হয়। এর আগে ২০০৮ সালে তিনি বেশ কিছুদিন হাঁপানি সমস্যায় ভোগেন।

সোনিয়ার স্বাস্থ্যগত সমস্যার কারণে ভারতে জাতীয় নির্বাচনের আগে গত এপ্রিল মাসে মহারাষ্ট্রে তার নির্বাচনী সফর বাতিল করা হয়েছিল। এর আগে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে ত্রিপুরা রাজ্যসভা নির্বাচনের আগেও তাকে একবার হাসপাতালে যেতে হয়। তখন বাতিল করা হয়েছিল তার দুটো নির্বাচনী জনসভা ।

জেএ