পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর ওপর এক আত্মঘাতী হামলার ঘটনায় অন্তত তিনজন নিহত ও প্রায় ২০ জন আহত হয়েছেন। গতকাল রোববার বেলুচিস্তানের মাসতুং জেলায় ফ্রন্টিয়ার কোরের (এফসি) চেকপয়েন্টে হামলার এ ঘটনা ঘটেছে বলে কোয়েটা পুলিশের উপমহাপরিদর্শক আজহার আকরাম ডন অনলাইনকে জানিয়েছেন।
তিনি জানান, আহতদের মধ্যে ১৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং দুইজন পথচারী। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়ে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে।
এফসি চেকপয়েন্টে টিটিপির এ হামলার নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এক টুইটে তিনি বলেছেন, ‘শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি। বিদেশী সমর্থিত সন্ত্রাসীদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে আমাদের সুরক্ষিত রাখার জন্য এবং তাদের ত্যাগের জন্য নিরাপত্তা বাহিনীগুলোকে স্যালুট জানাই।’
বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ লাঙ্গোভিও হামলার তীব্র নিন্দা করেছেন। এর আগে একই প্রদেশের জিয়ারাত জেলায় সরকারপন্থি মিলিশিয়াদের বহনকারী একটি গাড়ি মাইন বিস্ফোরনের শিকার হয়ে বাহিনীটির তিন সদস্য নিহত ও বহু আহত হয়েছিলেন।





