ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরে আরো দুটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে তেহরান ও মস্কোর মধ্যে চুক্তি সই হয়েছে।চুক্তি অনুযায়ী পর্যায়ক্রমে ইরানে আরও ছয়টি চুল্লী নির্মাণ করবে দেশটি।

মস্কোতে এ চুক্তিতে সই করেছেন ইরানের আনবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি এবং রাশিয়ার প্রধান পরমাণু সংস্থা রুসাটম'র প্রধান সের্গেই কিরিয়েনকো।

ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে বিশ্বের শক্তিধর ছয় জাতির দেওয়া ২৪ নভেম্বর ডেটলাইনের আগেই রাশিয়া এ চুক্তি করল।

মঙ্গলবার মস্কোতে পৌঁছার পর আলী আকবর সালেহি বলেছেন, ২০ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকারের ওপর বাধ্যবাধকতা আরোপ করেছে সংসদ।

বুশেহরে পর্যায়ক্রমে মোট পাঁচটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে বলে জানান তিনি। এরইমধ্যে রাশিয়ার সহযোগিতায় বুশেহরে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে।

ওমানে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা চলার একই সময়ে রাশিয়ার সঙ্গে নয়া পরমাণু কেন্দ্র নির্মাণ চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে তিনি বলেন, কাকতালীয় ভাবে দুটি ঘটনা একই সময়ে ঘটেছে।

প্রসঙ্গত, ইরান তার পারমাণবিক প্রকল্পের আড়ালে বোমা বানানোর চেষ্টা করছে বলে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। তবে ইরান বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। শান্তিপূর্ণভাবে জ্বালানী উৎপাদনের জন্যই প্রকল্পগুলো পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে তারা।সূএ:বিবিসি- আলজাজিরা-প্রেসটিভি

ইআর