ভারতের মধ্যপ্রদেশের হারদায় দুইটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। ২৫ জন আহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৩শ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাতে সংঘর্ষে ১১টি বগি লাইনচ্যুত হয়ে নদীতে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের বেশ কয়েকজন আশঙ্কাজনক। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।

হারদা জেলা কর্তৃপক্ষ জানিয়েছে, মুম্বাই থেকে বারানসিগামী কামায়নী এক্সপ্রেস ও জাবালপুর থেকে মুম্বাইগামী জনতা এক্সপ্রেস ট্রেন হারদার কাছে মাচাক নদীর উপর একটি ব্রিজে পরস্পর মুখোমুখি হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত ১১টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।
রেলওয়ের মুখপাত্র অনিল সাক্সেনা বলেছেন, দুই ট্রেনের সংঘর্ষের পর ব্রিজটির বেশিরভাগ অংশ ভেঙ্গে যায়। কামায়নী ট্রেনের শেষের দিকের বগিগুলো এবং জনতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও সামনের দিকের বগিগুলো লাইনচ্যুত হয়ে নদীতে পড়ে গেছে।
ভূপাল খেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে ঘটা ওই দুর্ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ৩০০ যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
হারদার জেলা কালেক্টর রজনীশ শ্রীবাস্তব জানিয়েছেন, খিরকিয়া ও হারদা স্টেশনের মাঝে এ ঘটনা ঘটে। এরপরই পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
এমকে





